চলতি সপ্তাহে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জৈন্তাপুর উপজেলার পাথর ও ক্রাশার মিল শ্রমিকরা। পরিবার পরিজন ও পেটের দায়ে দৈনন্দিন কাজে বাধ্য হয়ে প্রতিদিনের মত সকাল ৯:০০ ঘটিকা থেকে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার, আসামপাড়া, আদর্শগ্রাম, শ্রীপুর, আলুবাগান এলাকায় বিভিন্ন মিলে কাজে যোগ দিচ্ছেন নারী পুরুষ শ্রমিকরা।
কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়তে থাকায় ঘন ঘন বিরতি দিতে হচ্ছে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বলা বিবেচনা করে। অনেক মিল কারখানায় প্রচন্ড রোদে অনেক শ্রমিক পুরো রোজের কাজ না করেই বাড়ী ফিরতে দেখা গেছে।
সরজমিনে ৪ নং বাংলা বাজার এলাকায় গিয়ে দেখা মিলে দুপুর গড়াবার সাথে সাথে সিলেট তামাবিল মহাসড়কের পাশের গাছের নিচে সারিবদ্ধ ভাবে শ্রমিকেরা বসে বিশ্রাম নিচ্ছে।
এমনই এক ক্রাশার শ্রমিক আলিরগাও ইউনিয়নের সাতাইং গ্রামের আব্দুল আলি বলেন, তিনি প্রতিদিনের ন্যায় ১২ জনের একটি গ্রুপ নিয়ে মিলে কাজ করতে এসেছেন। অন্যান্য স্বাভাবিক দিনে যেখানে দূপুরে খাবারের জন্য একবার বিরতি দেওয়া হতো সেই খানে গরমের যন্ত্রণায় অতিষ্ট হয়ে দিনে চার থেকে পাঁচবার পানি পানের বিরতি দিতে হচ্ছে। এর মধ্য গেলো চার পাঁচ দিনের দাবদাহে অনেক শ্রমিক জ্বর, সর্দি নিয়ে অসুস্থ হয়ে বাড়ীতে পড়ে রয়েছেন।
৪ নং বাংলা বাজার এলাকার মিল ব্যবসায়ী আসামপাড়া গ্রামের ইমরান আহমদ বলেন, আমার মিলে ১২ জন শ্রমিক কাজ করে। তীব্র গরমের তাদের কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে। তিনি জানান, আমি প্রতিদিন তাদের জন্য ঠান্ডা পানি ও স্যালাইনের ব্যবস্হা করে রেখেছি ও চার থেকে পাঁচাবার তাদের মধ্যে পানীয় বিতরণ করছি।
এ বিষয়ে ৪ নং বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, প্রতিটি মিল মালিকদের নির্দেশনা দেয়া আছে শ্রমিকদের জন্য পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি স্যালাইনের ব্যবস্হা রাখতে। সেই সাথে কোন শ্রমিক অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে বিশ্রাম প্রয়োজনে চিকিৎসকের সরনাপন্ন করার নির্দেশনা দেয়া আছে।
৪ নং বাংলা বাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল বলেন, খেটে খাওয়া দিনমজুর কয়েক হাজার শ্রমিকদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে তীব্র গরমেও মিল কারখানা চালু রাখতে হচ্ছে। সেই সাথে প্রতিটি মিল মালিকদের মিলে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সর্তকতা অবলম্বন করার আহবান জানানো হয়েছে।
এলএইচ




