সিলেটের ওসমানীনগরে তীব্রগরমে ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নবনির্মিত ৫০শয্যা ওসমানীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্থাপিত হওয়ার পরও দীর্ঘদিন থেকে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় নবনির্মিত ভবন কমপ্লেক্স। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ (টিএইচও) ৪ জন চিকিৎসক নিয়োগ হলেও চিকিৎসাসামগ্রী, আসবাবপত্র ও জনবল স্বল্পতায় চিকিৎসা সেবাবঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য অফিসার মইনুল হাসান জানান, প্রশাসনিক অনুমোদন, আসবাবপত্র ও জনবল সঙ্কট লাঘবের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে তীব্রগরমে ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্থানীয় কমিউনিটি ক্লিনিক এবং সাব সেন্টারে নিয়ে চিকিৎসা সেবা দিতে হবে।
ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনা মিয়া বলেন নবনির্মিত উপজেলা স্বাস্থ্যভবনে আউটডোর সেবা চলমান রয়েছে। তীব্রগরমে ডায়রিয়াজনিত সমস্যায় ওরস্যালাইন খাওয়াসহ সচেতন থাকা জরুরি। এদিকে চিকিৎসাসামগ্রী ও জনবলসংকটসহ স্বাস্থ্য কমপ্লেক্স অনুমোদনের কাজের বিষয়ে সভাতেও আলোচনা করেছি। প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে।
ডায়রিয়া আক্রান্ত রফিক উল্লাহ বলেন, ‘আমরা গরীব মানুষ সরকারি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসাসেবা পাইনা। এতে স্থানীয় ডাক্তারের কাছে ব্যয়বহুল চিকিৎসা করিয়েছি।’
এলএইচ




