আফজালুর রহমান চৌধুরী:
সিলেট সিটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানা ঘেরা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত সিলেট সদর উপজেলা। আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট কেন্দ্রীয় কারাগার, সিলেট ক্যাডেট কলেজ ও মেরিন একাডেমিসহ দেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানকে বুকে ধরে রাখছে দেশের অন্যতম এই উপজেলা। নবনির্বাচিত পরিষদ প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করানো হবে আজ। দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। উপজেলাবাসী আশাবাদী পরিকল্পিত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে নবগঠিত পরিষদ।
সরেজমিন ঘুরে দেখা যায়, সিলেট নগরী লাগোয়া এই উপজেলায় ইতোমধ্যেই চলমান রয়েছে নানারকম উন্নয়ন কর্মকাণ্ড। উপজেলা বুকজুড়ে আছে একাধিক মহাসড়ক। এক এক করে শিক্ষা প্রতিষ্ঠানেও গড়ছে উঁচু উঁচু দালান। তবুও যেনো নাই জীবনমানের উন্নয়ন। বাড়েনি কর্মক্ষেত্র, গড়েনি শিল্পায়ন, গ্রামাঞ্চলের অনেক রাস্তা এখনো পড়ে আছে জরাজীর্ণ হয়ে। উচ্চশিক্ষার হার গড়াগড়ি করছে তলানিতে, উপজেলাজুড়ে নাই বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা। দখলমুক্ত হচ্ছে না খাল কিংবা ছড়া।
সম্প্রতি গঠিত হওয়া ৬ষ্ট উপজেলা নির্বাচনের ১ম ধাপে সিলেট সদর উপজেলায় নির্বাচিত হন পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। উচ্চশিক্ষায় শিক্ষিত দুই প্রতিনিধিকে একসাথে পেয়ে উৎফুল্ল জনতা। পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার উজ্জ্বল সম্ভাবনায় আশাবাদী উক্ত উপজেলাবাসী। পরিষদের বর্তমান চেয়ারম্যান উচ্চশিক্ষিত হলেও নজর কাড়ছে নবনির্বাচিত চেয়ারম্যানের দীর্ঘ সময়ের শিক্ষকতা পেশা।
৮ মে অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৯ হাজারেরও বেশী পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন অধ্যক্ষ সুজাত আলী রফিক। তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রিন্সিপাল। সক্রিয় আছেন সিলেটের রাজনীতির মাঠে। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, জনগণের ভালোবাসা আমায় মুগ্ধ করেছে। আমি আশাবাদী দায়িত্বগ্রহণের পর সকলের সহযোগিতায় উপজেলার উন্নয়নকে আরো গতিশীল করে তুলবো, নাগরিকের প্রতিটি সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন সাংবাদিক সাইফুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। দক্ষতার সাথে পালন করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্যের দায়িত্ব। তিনি বলেন, আমি উপজেলার সবার কাছেই কৃতজ্ঞ। উন্নয়নে অবদান রেখে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই।
পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী হাছিনা আক্তার বলেন, জনগণ আমায় তাদের সেবিকা হিসাবে গ্রহণ করেছে এবার আমার দেওয়ার পালা। সন্তোষজনক সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করবো।
উপজেলার ধোপাগুল বাসিন্দা ব্যবসায়ী আখতার হোসেন বলেন উপজেলায় কর্মসংস্থানের বড় অভাব। উর্ধ্বমুখী দ্রব্যমূল্যে জনজীবনে দুর্ভোগের শেষ নেই নবনির্বাচিত পরিষদ পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জিং ভূমিকা রাখলে মডেল উপজেলায় উন্নত হবে ইনশাআল্লাহ।
আরেক বাসিন্দা ব্যবসায়ী আব্দুল আহাদ বলেন, উচ্চশিক্ষিত প্রতিনিধিদের জয় সাধারণের জনমনে আশার আলো জাগিয়েছে। সবাই আশাবাদী দ্বায়িত্ব পাওয়ার পরপরই এর প্রতিফলন দেখা যাবে।
উপজেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান বলেন, আমরা ভাগ্যবান উচ্চশিক্ষিত দুই প্রতিনিধি পেয়েছি যারা কর্মঠও বটে, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার আওয়ামী লীগ নেত্রী। তিনিও কর্মঠ আশাকরি সবার প্রচেষ্টায় বিভাগীয় শহরের নিকটতম উপজেলাজুড়ে বইবে উন্নয়নের সুবাতাস।
এলএইচ




