সিলেটে স্থল নিম্নচাপ অবস্থান করছে। এরকম স্থল নিম্নচাপ বুধবারও সিলেট অঞ্চলে থাকবে বলে জানান আবহাওয়াবিদ।
মঙ্গলবার (২৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট ও তার কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপটি অবস্থান করছে। বৃষ্টি ঝরিয়ে এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া বুধবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এর পরের ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিলেটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ২৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরও বেশ কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
এলএইচ




