ছবি : নিজস্ব
ঘূর্ণিঝড় রেমালের কারণে অতি ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে জৈন্তাপুরের প্রত্যন্ত অঞ্চল। এদিকে আকস্মিক বন্যার কারণে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সিমান্ত সংলগ্ন জনবহুল কেন্দ্রী গ্রামের সাথে পুরোপুরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। প্রতি বছর পাহাড়ী ঢলে সৃষ্ট ছোট বড় বন্যায় এই কেন্দ্রীগ্রাম যোগাযোগ রক্ষা করা সম্ভব হলেও এবার ছিলো তার ব্যতিক্রম।
প্রায় ১২ হাজারেরও বেশী জনগোষ্ঠীর এই গ্রাম কেন্দ্রী মৌজা, হাওড়, কাঁঠালবাড়ী, ঝিঙাবাড়ী ও মিনাটিলা মহল্লা নিয়ে গঠিত। সীমান্তবর্তী এই গ্রামে যাতায়াতের অন্যতম রাস্তা হলো রাংপানি নদীর উপর নির্মিত সেতু ব্যবহার করে।
২০২১-২২ অর্থবছরে এই নদীর উপর গার্ডার সেতু নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে সেতুর কাজ প্রায় ৮০% সম্পন্ন। এতোদিন আশির দশকে নির্মিত একটি ফুটওভার ব্রীজ দিয়ে গ্রামবাসী চলাচল করে আসছিলো। নতুন সেতুর নির্মাণ কাজ শেষের পর্যায়ে আসার পূর্বে গেলো শুকনো মৌসুমে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য নতুন মাটি ফেলা হয়। এ সময় পুরোনো সেতুর সাথে আগেকার সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ায় অস্হায়ীভাবে গ্রামবাসী বিকল্প সড়ক হিসেবে জৈনিক ছবুমিয়ার ক্রাশিং জোনের রাস্তা ব্যবহার করে আসছিলো। এতে করে সাময়িক অসুবিধা সহ্য করেও গ্রামবাসী অস্হায়ীভাবে এই বিকল্প পথে অটোরিকশা যোগে চলাচল করে আসছিলো। কিন্তু চলতি মৌসুমে আগাম বন্যা হওয়ায় এবং পুরোনো সংযোগ সড়কে গাড়ী চলাচল ও ব্যবহারের অনুপযোগী থাকায় বন্যার কারণে পুরো গ্রামের সাথে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান বলেন,উন্নয়নকাজের জন্য সাময়িক অসুবিধা ভোগ করলেও বর্তমানে আকস্মিক বন্যায় মানুষের দুর্ভোগ চরমে। বর্তমান গ্রামের কোন মুমূর্ষু রোগী নিয়ে কিংবা বয়স্ক মানুষের চলাচল অনেকটাই দূর্বিষহ।
একই গ্রামের বাসিন্দা বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আলি আকবর বলেন, বন্যার কারণে যোগাযোগ বন্ধের যে সমস্যা তৈরী হয়েছে তা সমাধানের একমাত্র পথ দ্রূত সময়ে সেতুর কাজ শেষ করে তা মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া। এ বছর বর্ষা মৌসুমে আরো একাধিকবার বন্যা হলে একই দূর্ভোগে পড়তে হবে গ্রামবাসীর। তিনি আশাবাদব্যক্ত করেন চলতি বছরের শেষে সেতুর কাজ শেষ হলে কেন্দ্রীগ্রামের মানুষ বন্যার সময় সৃষ্ট এই ভোগান্তি থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
এম সি




