ছবি : নিজস্ব
তীব্র তাপ প্রবাহের পর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যার পানিতে নিম্নাঞ্চল ও হাওরাঞ্চল প্লাবিত হয়েছে।
বাড়তে শুরু করেছে উপজেলার বিভিন্ন নদ- নদীর পানি। পিয়াইন,সারী ও গোয়াইন নদীর পানিও বাড়ছে। ঢলের কারনে ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল। এসব এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিসহ ঝড়োহাওয়া ও বৈরী আবহাওয়ায় দুইদিন যাবৎ গোটা উপজেলা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন ছিল। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে নিয়মিত কাজে তাঁদের ভোগান্তি পোহাতে হয়েছে। এ ছাড়া মুঠোফোনে চার্জ না থাকায় অনেকের প্রয়োজনীয় যোগাযোগও বন্ধ ছিল।আজ দুপুরে আবহাওয়া পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বিছনাকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের লিলু মিয়া জানান,গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহ ( গরমে) অতিষ্ঠ ছিল জনজীবন।আকস্মিক এই দুই দিনের মুষলধারে বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ির চারপাশে বন্যার পানি।এভাবে পানি বাড়তে থাকলে কিছু সময়ের মধ্যে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পানিতে তলিয়ে যাবে।
ফতেপুর ইউনিয়নের চা শ্রমিক সন্তান যতিন শিং ছত্রী জানান, টানা বৃষ্টিতে গত রাতে গুলনী চা বাগানের চা শ্রমিক কাজল ভৌমিক এর নতুন ঘর ধসে সম্পুর্ন ঘরটি মাটিতে পড়ে যায়। বাড়িতে কেউ না থাকায় আসবাবপত্র ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ( ওসি) মোঃ রতন শেখ জানান,ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আস পাহাড়ি ঢলে পিয়াইন নদী টুই -টুম্ভুর। জাফলং পর্যটন কেন্দ্রর নিচু স্থানের ভাসমান দোকানঘর পানিতে তলিয়ে গেছে। বৈরী আবহাওয়া ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান,মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে পাহাড়ি ঢলে পানির উচ্চতা অস্বাভাবিক ভাবে বেড়ে জাফলং পর্যটন স্পটের মায়াবী ঝর্ণা'র শতাধিকের বেশি দোকানপাট ও জিরো পয়েন্টের দুইশতাধিক অস্থায়ী দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে।মায়াবী ঝর্ণা'র পানির তীব্রতা বেড়ে গেছে। ভ্রমণে আসা পর্যটকরা যাতে বিপদে না পড়ে তার জন্য ট্যুরিস্ট পুলিশের বিশেষ সতর্ক টিম রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম জানান,ঘুর্ণিঝড়" রিমাল" এর প্রভাবে গোয়াইনঘাট উপজেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ- নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আজ দুপুর পর্যন্ত তথ্য অনুযায়ী উপজেলার গোয়াইন নদীতে বিপদসীমার ১.৬ নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।বিপদসীমা ১০.৮২ মিটার,প্রবাহমান ৯.১৩ মিটার। সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামালে জরুরি ভিওিতে গোয়াইনঘাটে ৫০ মেঃ টন জি.আর খাদ্যশস্য (চাল)৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দের জন্য সিলেট জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দিয়ে অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী দুই দিনের বৃষ্টির অবস্থা পর্যবেক্ষনে বুঝা যাবে বন্যা পরিস্থিতি কেমন হবে।এই এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় বৈরীআবহাওয়া অব্যাহত রয়েছে।
এম সি




