সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ১০:৩০:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রায় ২০ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ি ফিডার, দিরাই ফিডার ও শাল্লা, জগনাথপুর, শান্তিগঞ্জ উপজেলার হাজার হাজার গ্রাহকরা। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এ ছাড়া মুঠোফোনে চার্জ না থাকায় যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (২৭ মে ) সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার ( ২৮ মে) বেলা ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ি ফিডার ও দিরাই ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে সোমবার (২৭ মে) সন্ধ্যা পর্যন্ত একাধিকবার লোডশেডিংয়ের কবলে পড়েছেন গ্রাহকরা।  

জানা যায়, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা আমবাড়ি ফিডার বন্ধ হয়ে গেছে। একই সাথে ১৬-২০ ঘন্টা বিদ্যুৎবিহীন সুনামগঞ্জের দিরাই ফিডার, শাল্লা উপজেলা, শান্তিগঞ্জ, তাহিরপুর, ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার গ্রাহকরা। তবে পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।

সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বই লেখিকা মাহদিয়া আঞ্জুম মাহি। কদিন থেকে সিলেটে আছেন তিনি। মোবাইল ফোনে জৈন্তাবার্তার সাথে কথা হয় তার। এসময় তিনি বলেন, সুনামগঞ্জে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক নাই। বাড়িতে যোগাযোগ বন্ধ। এই পরিস্থিতিতে ২০২২ সালের ভয়াবহ বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। সেইম ভোগান্তিতে পড়েছিলো গোটা সুনামগঞ্জবাসী। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। নদীতেও পানি বাড়ছে শুনেছি। এর মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই, খুব টেনশনে আছি বাড়ির মানুষরা কেমন আছেন আল্লাহ জানে।

একইভাবে জরুরী কাজে ঢাকায় গেছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা আমির হোসেন। তিনি বলেন, অনেক চেষ্টার পর আজ জেনেছি শাল্লায় গত ১৫ঘন্টা থেকে বিদ্যুৎ নেই। বাড়িতে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। হঠাৎ কি হয়ে গেলো সুনামগঞ্জে বুঝতে পারছিলাম না। আশপাশ লোকের কাছ থেকে খবর পেয়েছি সুনামগঞ্জের কয়েকটি জায়গায় বিদ্যুৎ নাই। তাই অনেকের মোবাইল বন্ধ আবার অনেকের নেটওয়ার্কের সমস্যা করছে।

শান্তিগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মী ছায়াদ হোসেন সবুজ বলেন, গতকাল বিকাল থেকে শান্তিগঞ্জ উপজেলায় কারেন্ট একবারের জন্যেও আসেনি। আমরা একটানা বিদ্যুতের ভোগান্তিতে রয়েছি। এর মধ্যেই ট্যাংকের পানি শেষ হয়ে গেছে। এমন কি ওয়াশরুমে ব্যবহারের পানিও নেই।

জেনারেটরের জন্য তেল নিতে তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ শহরে এসেছেন হেলাল মিয়া। তিনি বলেন, গতকাল বিকালের আগে বার বার কারেন্ট গেছে আর আসছে। কিন্তু বিকালের পর থেকে এখনও বিদ্যুৎ আসছে না। তাই সুনামগঞ্জে আসছে জেনারেটরের তেল নিয়ে চলতে হবে।

বিদ্যুৎ সংযোগ কখন স্বাভাবিক হবে জানতে চাইলে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু নুয়মান বলেন, অতিরিক্ত ঝড়-বাতাসে কারণে সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদরের আমবাড়ির ফিডারের অবস্থা খুবই বাজে। এই ফিডার নিয়ে আমি বিপদে আছি। কিচ্ছুক্ষণ আগে একবার ঠিক হয়েছিলো কিন্তু এখন আবার বাসাত শুরু হওয়ার কারণে হয়তো আবার কোথাও গাছ পড়ে লাইন বন্ধ হয়েছে। 

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দিরাই ফিডার আজ-কালকের মধ্যে চালু করতে পারবো কি না তাও আমরা জানি না। সুনামগঞ্জ থেকে দিরাইয়ে যে ৩৩ কেভি (সোর্স )লাইন গিয়েছে সেই ৩৩ কেভি (সোর্স ) লাইনই টিকাতে পারছি না। আর সেই লাইন দিরাই থেকে গেছে শাল্লা উপজেলায়। তবে আগামীকালকের মধ্যে বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান তিনি। 

তবে বিকাল ৪টা (এই প্রতিবেদন লেখা পর্যন্ত ) জেলা শহরের কয়েকটা জায়গায় বিদ্যুৎ সচল হলেও জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এম সি