মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গতকাল সকালে উপজেলার বিভিন্ন নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই থাকলেও রাতে পানি কিছুটা কমে আসে।
বুধবার (২৯ মে) সকাল ১০:০০ ঘটিকা থেকে উপজেলার সারী,বড়গাঙ ও রাংপানি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে দ্রুত সময়ে পানি বৃদ্ধি শুরু হয়। এতে করে উপজেলার নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের নিচু এলাকা ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করে।
দূপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ ফেইসবুক লাইভ থেকে প্রাপ্ত ভিডিওতে সকালে কলেজের মাঠ দেখা গেলেও দুপুরে পানি বৃদ্ধি পেয়ে কলেজ কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী সম্রাটের ফেইসবুক লাইভ থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায় বড়গাঙ সংলগ্ন বালু সাইটে প্রচন্ড গতিতে পানি প্রবেশ করছে। এ সময় অনেক বালুর স্তুপ পানিতে ভাসিয়ে নিতে দেখা গেছে। এ সময় সাবেক চেয়ারম্যান সম্রাট নিজেও পানিবন্দি হতে দেখা গেছে।
এদিনে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী দুপুর ১২:০০ ঘটিকায় সারী নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আগামী দুইদিন ভারীবৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন বন্যা পরিস্থিতি সার্বিক মনিটরিং করা হচ্ছে। এই মুহুর্তে নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষদের দ্রুত সময়ে নিকটতম আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সাথে বন্যা কবলিত এলাকার সকল স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে।
বন্যায় সবচেয়ে বেশী আক্রান্ত এলাকা নিজপাট ইউনিয়নের বন্দরহাটি,নামাপাড়া,মহিলা কলেজ এলাকা,ডিবির হাওর,ফুলবাড়ী,ঘিলাতৈল। জৈন্তাপুর ইউনিয়নের লক্ষিপুর,খারুবিল, রাংপানি,কেন্দ্রী হাওড়,ডুলটিরপাড়, বাওন, শেওলাটুক, চাতলারপার, গাতিগ্রাম এলাকা।
এলএইচ




