ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট বিভাগের ১০টি উপজেলায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সিলেটের বালাগঞ্জ উপজেলা, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাড়া আর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কম হলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসনের ভূমিকা ছিল কঠোর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি হয় বেশির ভাগ উপজেলায়।
সিলেট বিভাগের ১০টি উপজেলা গুলো হল সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ।
তৃতীয় ধাপে সারা দেশে ৮৭ উপজেলার মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটে ভোট দেন ভোটাররা।
ইসি জানায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সে হিসেবে আজ ৮৭ উপজেলায় ভোট চলছে।
ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলএইচ




