ছবি: সংগৃহীত
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে সারাদেশে ৮৭টি উপজেলার সাথে সিলেট বিভাগের ১০টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন সম্পন্ন হয়েছে।
সিলেট জেলার তিন উপজেলা বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে মো. আনহার মিয়া, আবুল কাশেম পল্লব ও আশফাকুল ইসলাম সাব্বির। সিলেট জেলা ছাড়াও বাকি ৩ জেলার ৭টি উপজেলায় বেসরকারিসূত্রে প্রাপ্ত তথ্যানুসারে চেয়ারম্যান পদে বিজয়ীর নাম জানা গেছে।
বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার ছাড়াও বুধবার সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জের ভোটগ্রহণ হয়। বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্নসূত্রে পাওয়া তথ্যানুসারে জানা গেছে, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী সংখ্যা ছিলেন ১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়েছেন। এরমধ্যে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ২০ হাজার ৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ পিরিচ প্রতীকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর পেয়েছেন ১৮ হাজার ৬৮৬টি ভোট।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ৩ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে ছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ১২ হাজার ৫৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ হাজার ৪টি।
অন্যদিকে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ছিলেন।
চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব ২০ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গৌছ উদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট। তিনি লাউতা ইউপি'র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
অন্যদিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। মোটরসাইকে প্রতীক নিয়ে ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭৬১ ভোট। লাখাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ বিজয়ী। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় রফিকুল ইসলাম কিরন পেয়েছেন ৩৬ হাজার ২৯৪টি ভোট। তার নিকটতম প্রার্থী আনারস প্রকীকে আওলাদ আলী রেজা ২৮ হাজার ১৪৭টি ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
দোয়ারাবাজার চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর আশরাফী বাবু বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল ইসলাম জুয়েল দোয়াতকলম প্রতীকে ২১ হাজার ২২৯ ভোট পেয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যানপদে বিজয়ী হয়েছে ইমতিয়াজ আহমদ বুলবুল।
এস এইচ টি/




