ছবি: সংগৃহীত
১ জুন সারাদেশের মতো সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ দিন সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের ৩৪৮টি কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। বুধবার দুপুরে সিলেট সিটি কর্পোরোশনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে কর্মরত গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
ডা. জাহিদুল ইসলাম জানান, ১ জুন সকাল ১০টায় নগরীর ‘বাগবাড়ীস্থ বর্ণমালা স্কুল’ কেন্দ্রে ক্যাম্পেইন উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। সর্বমোট ৭৮ হাজার ১২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী প্রমুখ।
এস এইচ টি/




