ছবি: নিজস্ব
দিরাই উপজেলার ধল বাজার থেকে উজান ধল গ্রাম পর্যন্ত ৪৬০ মিটার আরসিসি সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে । সড়কটি টেকসই ও দীর্ঘস্থায়ী করার জন্য মাটি ভরাট করে সোল্ডার এবং গার্ডওয়াল নির্মাণ করা হয় । এছাড়া নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ ২৫০ মিটার ব্লক দ্বারা প্রটেকশন নির্মাণ করা হয় ।
গত কয়েকদিন ধরে সিসি ও আরসিসির কাজ চলছিল । ইতোমধ্যে ১৫০ মিটার আরসিসির কাজ সম্পন্ন করা হয়েছে । এ অবস্থায় সড়কটির বেশ কিছু অংশের সোল্ডার , গার্ডওয়াল এবং প্রটেকশন ধসে পড়েছে ।
কিছু অংশের গার্ডওয়াল , সিসি ঢালাই এবং প্রটেকশন ফাঁটল দিয়ে হেলে পড়েছে । এদিকে নির্মাণকাজ শেষ হবার আগেই সোয়া কোটি টাকার সড়কটি ধসে পড়ায় সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী । তাদের অভিযোগ মাটি ভরাটের পর কম্প্যাকশন করা হয়নি । সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করা হয়েছে ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায় , অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প -৩ ( আইআরডিপি ) -এর অধীনে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজার- উজান ধল সড়কটির কাজে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয় । গেল বছরের পহেলা আগস্ট খোন্দকার বিল্ডার্স নামের ঠিকাদারী প্রতিষ্টান কাজটি শুরু করে ।
সরকারি হিসেবে কাজের অগ্রগতি ৭৫ শতাংশ । বিল দেয়া হয়েছে ৩১ লাখ টাকা । গত তিন দিনের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশের গার্ডওয়াল ও ব্লক দ্বারা নির্মিত প্রটেকশন ধসে পড়ে ।
গ্রামের মতিউর রহমান বাবলু বলেন , রাস্তার গার্ডওয়াল ও প্রটেকশনের কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে । এখন বৃষ্টিতে সড়কটি ধসে পড়ছে । সড়ক ঘেঁষে আমার বাড়িঘর ঝুঁকিতে আছে ।
সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক বলেন , কয়েকমাস যাবত কাজ চলছে । অথচ প্রকল্প এলাকায় এখনও কোন সাইনবোর্ড টানানো হয়নি । এই কাজ সম্পর্কে এলাকার লোকজন অন্ধকারে । তিনি প্রশ্ন রেখে বলেন , এখানও নদী ভাঙ্গন নেই ।
সামান্য বৃষ্টির পানির তোড়ে যে সড়ক ভেসে যায় তা দিয়ে যানবাহন কিভাবে চলাচল করবে । ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন , সড়কটি ধসে পড়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি । উনারা আশ্বাস দিয়েছেন , আগামী শুকনো মৌসুমে সড়কটি স্থায়ীভাবে নির্মাণ করা হবে ।
এলজিইডির উপ - সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন , ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে অতিবৃষ্টি এবং নদীতে অস্বাভাবিক ঢেউ থাকায় সড়কের বেশ কিছু অংশ ধসে পড়েছে । চলতি বর্ষা মৌসুম শেষে এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে দেবে । ক্ষয়ক্ষতি ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে । সরকারি অর্থের অপচয় হবে না ।
এস এইচ টি/




