চরম তারল্য সংকটে বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারছে না ব্যাংকটি। বিভিন্ন শাখা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। ব্যাংকটির কাছে মানসম্পন্ন সিকিউরিটিজ না থাকায় তারল্য সহায়তায় সাড়া দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক।
এদিকে, আইসিবি ইসলামিক ব্যাংকের বিয়ানীবাজার শাখায় ক্যাশ টাকা সঙ্কটে বিপাকে পড়েছেন নানা শ্রেণীপেশার গ্রাহকরা। ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে টাকা তুলতে এসে ফিরছেন হতাশ হয়ে। ব্যাংকে ক্যাশ টাকা না থাকায় চাহিদানুযায়ী সেবা দিতে পারছেন ব্যাংক কর্মকর্তারা। ফলে উদ্বিগ্নতা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। মেজাজ হারিয়ে অনেকেই ব্যাংক কর্মকর্তাদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হচ্ছেন। তবে ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে তাঁরা অসহায়।
গ্রাহকরা জানান, বিগত তিন ধরে আইসিবি ইসলামিক ব্যাংকের বিয়ানীবাজার শাখা থেকে ক্যাশ টাকা উত্তোলনে এ ধরনের সমস্যা হচ্ছে। সর্বোচ্চ বিশ-ত্রিশ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না ক্রেতারা। ফলে, যেসব গ্রাহকরা ব্যবসায়িক বা অন্যান্য কাজের জন্য মোটা অঙ্কের টাকা তুলতে আসছেন তারেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এ নিয়ে বাকবিতণ্ডাও হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের।
ব্যাংকটির বিয়ানীবাজার শাখায় সেভিংস একাউন্ট হোল্ডার আব্দুল করিম নামে একজন গ্রাহক জানান, পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে আইসিবি ইসলামিক ব্যাংক বিয়ানীবাজার শাখার একাউন্টে টাকা পাঠিয়েছে। কিন্তু, ব্যাংক থেকে একসাথে তিন লক্ষ টাকা তুলতে পারেননি তিনি। শাখা কর্মকর্তারা তাকে বিশ-ত্রিশ হাজার টাকার বেশি দিতে পারছেন না। ফলে বিপাকে পড়েছেন তিনি। তিনি আরও জানান, শহরের অন্য আরেকটি ব্যাংকে তিনি চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকা তুলতে গিয়েও তিনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অন্য ব্যাংকের একাউন্টে টাকা ডুকার পর আইসিবি ইসলামিক ব্যাংক সেটি পুনরায় ফিরিয়ে নেয়।
একই ধরনের হয়রানির শিকার হয়েছেন শাকির আহমদ, সোহেল উদ্দিন, জেবু বেগম, কামরুল ইসলাম, সাব্বির আহমদ নামের একাধিক গ্রাহকের। তারা জানান, বার বার চেষ্টা করেও বিভিন্ন অংকের টাকা ব্যাংক থেকে তুলতে পারেননি। প্রথমদিকে ব্যাংক কর্মকর্তারা ঈদুল ফিতরের পর টাকা পাওয়ার আশ্বাস দিলেও এখন ঈদুল আযহার সময় চলে এসেছে তবুও ব্যাংক কর্মকর্তারা টাকা দিতে পারছেন না।
গ্রাহক জেবু বেগম বলেন, এই ব্যাংকে ৪/৫ লাখ টাকা রেখেছিলাম। হঠাৎ করে শুনতেছি ব্যাংকটি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। তাই আমি গত ১৫ দিন আগে এসেছিলাম টাকা তুলতে। ব্যাংক থেকে বলা হয়েছিলো কয়েকদিন পরে আসার জন্য। এরপর আজকে আবার এসেছি। তবে ব্যাংকটির এই শাখা থেকে টাকা দিতে পারছে না, তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে টাকা দিয়ে দিবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী গ্রাহক বলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কেনাকাটার জন্য টাকা তুলতে ব্যাংকে এসেছিলাম। কিন্তু, ব্যাংক কর্মকর্তারা বলছেন, ২০ হাজারের বেশি টাকা তুলতে পারবো না। কিন্তু, আমার প্রয়োজন কয়েক লাখ। এমন অবস্থায় আমার মেয়ের বিয়ে ভাঙার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কথা বলতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নেই জানিয়ে আইসিবি ইসলামিক ব্যাংক বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক পাবেল আহমদ বলেন, ‘ বেশ কিছুদিন থেকে ব্যাংকের একটি ক্রাইসেস চলছে, হেড অফিস থেকে জানিয়েছিলো ঈদের পরে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটিও হয়নি। আমার এখানে কাস্টমার আছেন অর্ধ সহস্রাধিক, কিন্তু শাখায় কোন ক্যাশ টাকা নেই। গ্রাহকরা টাকার জন্য মা-বাপ তুলে গালাগালাজ করছে। তিনি আরও বলেন, হেড অফিস থেকে বলা হয়, বিএফটিএন করতে, তারা আমাদের ৫ লাখ টাকা দেবেন। কিন্তু বিএফটিএন করেও টাকা দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে আমরা ব্যাংকের শাখা কর্মকর্তারা বিপাকে পড়েছি।
এলএইচ




