বৃষ্টিপাতের পরিমাণ কমলেও থামেনি পাহাড়ি ঢল। ভারত থেকে আসা পানির ঢলে সিলেট জেলা ও মহানগরের কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। সিলেট নগরীর ৯টি ওয়ার্ড ও কানাইঘাট পৌরসভার কিছু এলাকায় ঢুকে পড়েছে বানের পানি। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও ভারতীয় পাহাড়ি ঢল থামছেই না। মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। ৫/৬দিন তা অব্যাহত থাকার সম্ভাবনা জানা যাচ্ছে দেশটির আবহাওয়া বার্তায়।
সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, উজান থেকে ভাটির দিকে পানি নামতে শুরু করায় সিলেট মহানগর, সিলেট সদর, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল নতুন করে বন্যা কবলিত হয়েছে। তবে শঙ্কার কোনো কারণ নেই, জনগণের চাহিদা অনুযায়ী প্রতিটি উপজেলাতেই পর্যাপ্তসংখ্যক আশ্রয়কেন্দ্র্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
তবে বিভিন্ন এলাকাঘুরে সরেজমিনে দেখা গেছে- আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যাচ্ছেন না। প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা চালালেও তারা নিজেদের ভিটেমাটি শূন্য করে কোথায় যেতে চাচ্ছেন না।
শনিবার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, নগরীর ৯টি ওয়ার্ডে বন্যা হানা দিয়েছে। নগরের ৪ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২টি আশ্রয়কেন্দ্র্র প্রস্তুত করা হয়েছে। তবে এসব আশ্রয়কেন্দ্রে শুক্রবার কিছু মানুষ উঠলেও শনিবার সবাই অন্যত্র সরে গেছেন। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা অব্যাহত আছে।
গোয়াইনঘাটে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ১৩টি ইউনিয়নের ২১৪টি গ্রামের ২ লাখ ৪৫ হাজার ৭৫০ জন বন্যা কবলিত থাকলেও প্রস্তুতকৃত ৫৬টি আশ্রয়কেন্দ্রে মাত্র ১ হাজার ২৪২ জন আশ্রয় নিয়েছেন।
কানাইঘাটের ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতেই হানা দিয়েছে বন্যা। নতুন করে কানাইঘাট পৌরসভার কিছু এলাকা প্লাবিত হয়েছে। ১৯০টি গ্রামের ৮০ হাজার ৬০০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন করে আরও একটি আশ্রয়কেন্দ্র্র বাড়ানোয় এখন আশ্রয়কেন্দ্র ৩২টি। আশ্রয়গ্রহণকারী ১ হাজার ৪৭৬ জন।
জকিগঞ্জের ৯টি ইউনিয়নে ৮টি ইউনিয়নের ১১০টি গ্রাম বন্যা কবলিত। জকিগঞ্জ পৌরশহরেও হানা দিয়েছে বানের পানি। সীমান্তবর্তী এ উপজেলার ১ লাখ ৪৮ হাজার ৫০০ জন লোক বন্যা কবলিত। ৫৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও মাত্র ১৯৮ জন মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৪টি গ্রামের মোট ১ হাজার ৬২০ জন মানুষ বন্যা আক্রান্ত। ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ না হওয়াতে এখনও অধিকাংশ বাসিন্দারা নিজেদের বাড়িঘরে রয়েছেন।
বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে ২৪টি গ্রামের ১১ হাজার ৪৫০ জন লোক বন্যা কবলিত হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল ৫ হাজার ৫০০। ৬৭টি আশ্রয়কেন্দ্র্র প্রস্তুত রাখলেও আশ্রয়কেন্দ্রে মাত্র ৬০ জন আশ্রয় নিয়েছেন।
জৈন্তাপুরের ৬টি ইউনিয়নের মধ্যে শুক্রবার পর্যন্ত ৩টি ইউনিয়নে বন্যা থাকলেও শনিবার সেটা ৬টি ইউনিয়নে ছড়িয়ে গেছে। ৬৬টি গ্রামের প্রায় ৬৫ হাজার মানুষ বন্যায় আক্রান্ত। ৪৮টি আশ্রয়কেন্দ্রে মাত্র ২৭৫ জন মানুষ আশ্রয়ে আছেন। এ উপজেলাতে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা ৪শ’ কমেছে।
কোম্পানীগঞ্জে উপজেলার ৬টি ইউনিয়নে ১১৩টি গ্রামের ৫২ হাজার ৫১৩ জন মানুষ এখন পর্যন্ত বন্যা কবলিত আছেন। শুক্রবার এ সংখ্যা ছিল ৯৩ হাজার। ৩৫টি আশ্রয়কেন্দ্রে আছেন মাত্র ৭৩ জন মানুষ।
গোলাপগঞ্জে ১১টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে ১০টি গ্রামের ৪ হাজার ৩শ’ মানুষ বন্যা কবলিত। ৫৭টি আশ্রয়কেন্দ্রে আশ্রয়গ্রহণকারী মাত্র ১৫ জন।
অন্যদিকে ওসমানীনগরে বন্যার শঙ্কা থাকায় ২৩টি, ফেঞ্চুগঞ্জে ২৯টি, দক্ষিণ সুরমায় ৪৪টি, বালাগঞ্জে ১৫টি, বিশ্বনাথে ৫৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা আছে বলে জানিয়েছে জেলা প্রশাসনসূত্র।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, জেলার অন্তর্গত পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে মোট ১৫৩টি জনপদের মোট জনসংখ্যা ৪৩ লাখ ২৪ হাজার ২২৬ জন। এরমধ্যে শনিবার পর্যন্ত পাওয়া তথ্যে পৌরসভা ও ইউনিয়ন মিলে মোট ৬৮টি জনপদ বন্যা প্লাবিত হয়েছেন। বন্যায় আক্রান্ত মোট জনসংখ্যা হচ্ছে ৬ লাখ ৯ হাজার ৭৩৩ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ৪৭০ জন। এই হিসেবে বলা যায় ৩৩ হাজার ৭৩৭ জন মানুষ বন্যামুক্ত হয়েছেন। কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেট মহানগর ও সিলেট শহরতলী এবং আশেপাশের কিছু জনপদে বন্যার পানি ঢুকছে। নতুন করে তিনটি আশ্রয়কেন্দ্র বাড়ানোর কারণে আশ্রয়কেন্দ্রের সংখ্যা এখন সাড়ে ৫শ। শনিবার পর্যন্ত আশ্রয়গ্রহণকারীর মানুষের সংখ্যা ৩ হাজার ৩৪২ জন। শুক্রবার যা ছিল ৩ হাজার ৭৩৯ জন।
এদিকে সিলেটে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সিলেট জেলার ১৩টি উপজেলাতে এখন পর্যন্ত সর্বমোট ৪০০ মেট্রিকটন চাল উপবরাদ্দ দেয়া হয়েছে। নগদ অর্থ উপবরাদ্দ দেয়া হয়েছে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা, শুকনা খাবার প্রদান করা হয়েছে ১ হাজার ২৫০ বস্তা। এছাড়া শিশু খাদ্য হিসেবে ১৩টি উপজেলাতে প্রদান করা হয়েছে মোট ৯ লাখ টাকা। গো-খাদ্য হিসেবেও প্রদান করা হয়েছে আরও ৯ লাখ টাকা।
প্রসঙ্গত, বর্তমান বন্যা পরিস্থিতির উন্নতির সিংহভাগই নির্ভর করছে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের বৃষ্টিপাতের দিকে। সেখানে বৃষ্টিপাত বেশি হলে পাহাড়ি ঢল বেশি হবে সিলেটে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সিলেটে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ ৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত।
জৈন্তাবার্তা/এমইউএ/এলএইচ




