সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নারাইনপুর সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান।
নিহত নুরুজ্জামিন (২৩) কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
আসাদুল ইসলাম বলেন, রোববার সকালে নারাইনপুর সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। তার হাত দুটি পেছন দিক থেকে বাঁধা ছিল। মাথায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
নিহতের ভাই আল আমিন জানান, শনিবার রাত ৯টার দিকে স্থানীয় জুবেদ ও হৃদয়সহ কয়েকজন এসে নুরুজ্জামিনকে ডেকে নেয়। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ কে মোবাইল ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
এলএইচ




