সিলেট জেলার বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে আবার কোথাও অবনতি হয়েছে। কিছু এলাকায় বন্যার পানি কমতে দেখা গেলেও এখনো শঙ্কা কাটেনি সিলেটবাসীর। কেননা এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। নতুন করে বাড়ছে বন্যায় প্লাবিত এলাকার সংখ্যা। বন্যার পানি প্রবেশ করছে সিলেট মহানগরীর নদী তীরবর্তি এলাকাগুলোতেও।
শনিবার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা যায়, সিলেট বিভাগের ৫টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে নতুন আরো এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার আতঙ্কে সময় পার হচ্ছে জনসাধারণের। প্লাবিত এলাকার মোটসংখ্যায় যোগ হচ্ছে নতুন নতুন জনপদ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুসারে সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শঙ্কা কাটছেনা বন্যার্ত মানুষের। নগরীর প্রায় ১৫টি এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। নগরীর প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। সুরমার পানি ছাতক পয়েন্টে বাড়ার কারণে ছাতক উপজেলাও প্লাবিত হওয়ার শঙ্কায়। কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায়।
পাউবো’র তথ্যমতে, সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির লেভেল ১৩ দশমিক ৬০ যা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানির লেভেল ১০ দশমিক ৮৭ যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে; ছাতক পয়েন্টে এ নদীর পানির লেভেল ৯ দশমিক ২২ যা বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার বেশি। আমলশিদ পয়েন্টে কুশিয়ারার পানির লেভেল ১৭ দশমিক ৩৪; যা বিপৎসীমার ১ দশমিক ৯৪ সেন্টিমিটার ছাড়িয়েছে। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির লেভেল ১৩ দশমিক ১৪ যা বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এলএইচ




