টানা বৃষ্টি ও কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন বাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে দোকানপাট ও বাসাবাড়িতে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যাবসায়ী সহ বেশকিছু এলাকার বাসিন্দারা।
সোমবার (৩ জুন) দিবাগত রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন, আছিরগঞ্জ বাজার, কানিশাইল, ভাদেশ্বর, মোকাম বাজার, মীরগঞ্জ সহ অনেক এলাকার বাসা বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
মধ্যরাতে হঠাৎ বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
ঢাকাদক্ষিন বাজারের ব্যাবসায়ী ফখরুল ইসলাম শাকিল বলেন, এমনিতেই ভারত থেকে নেমে আসা উজানি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় অবস্থা ভয়াবহ। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি টইটুম্বুর করছে কয়েকদিন থেকে। আজ টানা বৃষ্টিতে আমাদের ঢাকাদক্ষিন বাজারের দোকানগুলোতে পানি উঠেছে।
ঢাকাদক্ষিন গ্রামের বাসিন্দা জাবেদ আহমদ জানান, বাসায় হাঁটুপানি, আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। কাকেশ্বরী নদী দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদি নদী দখলমুক্ত করে খনন করা হতো তাহলে আমাদের মতো বাসিন্দাদের এই দুর্ভোগ পোহাতে হতো না।
এলএইচ




