ছবি: সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. ইউনুস আলী (২২) নামক এক কয়েদির আত্মহত্যার খবর পাওয়া গেছে।আজ সোমবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।
সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া জানান, মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ইউনুস। ৬ মাস ধরে তিনি কারাগারে ছিলেন। ইউনুস ‘সিজোফ্রেনিয়া’ রোগে ভুগছিলেন। সোমবার কারাগারের একটি ওয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিজের গলায় নিজেই ফাঁস লাগিয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মঙ্গলবার আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ৩ কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এম সি




