ফাইল ছবি
টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়। ঢলের কারণে ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা,চেলা ও পিয়ান নদীতে। বর্তমানে এ তিনটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে।
এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রবল বন্যার আশংকা করছেন স্থানীয়রা। রবিবার রাতে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বটের খাল নদী, কাকুরা খাল নদী,বোকা নদী ও চিলাই খালে পানি বৃদ্ধি অব্যাহত অব্যাহত রয়েছে।
উপজেলার দোলারবাজার-শরিষপুর ভায়া -ছৈলা সড়ক, কৈতক-হায়দরপুর সড়ক,আছাকাচর- শ্রীপুর সড়ক, জোড়াপানি-শারপিন নগর সড়ক,ফকির টিলা- নরসিং পুর সড়ক,ইসলামপুর-নোয়াকোট সড়ক,শ্যামপাড়া- কান্দিগাঁও সড়ক,নোয়ারাই -বালিউরা সড়ক সহ অনেক গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।
উপজেলার ইসলামপুর,উত্তরখুরমা,নোয়ারাই,কালারুকা চরমহল্লা জাউয়াবাজার,সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন এলাকার হাওর,মাঠ-ঘাট ও রাস্তায় বন্যার পানি ঢুকেছে। সীমান্তবর্তী ধনীটিলা,ছনবাড়ী বাজারে সড়কের উপর দিয়ে ভারত থেকে নেমে আসা ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানির প্রবল স্রোতে ভেঙ্গে গেছে এলাকার একটি সড়কেরর বিভিন্ন অংশ। প্লাবিত হয়েছে ইউনিয়নের হাদা, নোয়কোট, রহমতপুর,বনগাঁও,দারোগা খালী, বৈশাকান্দি, ছনবাড়ী, ছৈদাবাদ,গণেশপুর কয়েকটি গ্রাম। এসব গ্রামে অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উত্তর খুরমা ইউনিয়নের রুক্ষা,গদারমহল,ঘাটপার,রাখা ফুরকান নগর,বিহাই,চলিতার বাক,ছাতক সদরের কান্দিগাঁও, কাজি হাটা, চরমহল্লা ইউনিয়নের কেজাউরা, হাসারু চরবাড়ুকা, চরমাধব, বল্লভপুর গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যার পানিতে উপজেলার বিভিন্ন এলাকায় আউশ- আমন ধানের বেশ কিছু বীজতলা,শাক-সবজীর বাগান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত কোথাও কোন বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। পানি বৃদ্ধির কারনে উপজেলা আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ আগাম প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। তবে আশ্রয় কেন্দ্রে এখনো কোন লোকজন উঠেন নি।
শুক্রবার দুপুরে পাহাড়ী ঢলে প্লাবিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না সহ প্রশাসনের লোকজন। সংশ্লিষ্ট সূত্র মতে বর্তমানে সুরমা, চেলা ও পিয়াইন নদী পানি বিপদ সীমার ৭১ সেন্টেমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সুহেল জানান, সীমান্তবর্তী হওয়ার কারণে পাহাড়ি ঢলের প্রথম ধাক্কা লেগে ইসলামপুর ইউনিয়নে । তিনি জানান, ইউনিয়নের সকল সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। কয়েকটি গ্রামের মানুষ পানি বন্দি অবস্থায় আছেন।
নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা জানান, নোয়ারাই ইউনিয়ন উপজেলার নিম্নাঞ্চলের একটি ইউনিয়ন। এখানে প্রচুর সবজি চাষ, ধান চাষ হয়ে থাকে। বন্যায় ইউনিয়নের প্রচুর সবজি বাগান ও বীজ তলা তলিয়ে গেছে। ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন ইউনিয়নের হাজারো কৃষক।
বন্যা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হচ্ছে। বন্যা মোকাবেলার প্রস্তুতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না জানান, তিনি ভারত থেকে নেমে আসা ভারতী ঢলে প্লাবিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ সব প্রাথমিক প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয়েছে।
এম সি




