ছবি : নিজস্ব
সিলেট নগরীর চলমান বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর সুরমা নদী তীরবর্তি প্রতিটি এলাকায় দ্রুতগতিতে পানি ঢুকেছে। নদী উপচে পানি এসে বাসা-বাড়ি, দোকানপাটে ঢুকে ব্যাপক ক্ষতি করেছে। আকস্মিকভাবে বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ দিশেহারা হয়ে উঠেন, আটকা পড়েন অনেক বাসিন্দারা। পরে নিজেরা বিভিন্ন মাধ্যমে সরতে পারলেও বাসা-বাড়ি এবং দোকানপাটের আসবাবপত্র, মালামাল, ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রী জলনিমগ্ন হয়ে যায়।

নগরীর অভ্যন্তরের নিম্নাঞ্চল আগে থেকেই জলমগ্ন ছিল। এদিন রাতে এক টানা ৬ থেকে ৭ ঘণ্টার বৃষ্টিতে এসব এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন এলাকায় পানি উঠেছে। সরকারি হিসেব অনুযায়ী জেলা সদরসহ ৯টি উপজেলার প্রায় ৮শটি গ্রাম ও নগরীর ৪২টি ওয়ার্ডের ২৮টি ওয়ার্ড বন্যা কবলিত হয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে বন্যা কবলিত এলাকার পরিমাণ আরও বেশি। নগরীর অর্ধেকেরও বেশি এলাকা জলমগ্ন থাকাতে ভোগান্তি পুরো নগরেই ছড়িয়েছে। খাবার পানি ও বিদ্যুৎ ভোগান্তিতে আছেন সিলেটের অন্তত সাড়ে ৬ লাখ মানুষ। ভারত থেকে আসা পাহাড়িঢল আর অতিবৃষ্টির কারণে এই দুঃসহ যন্ত্রণাদায়ক অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।
নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, সোমবার ( ৩ জুন ) মধ্যরাত থেকেই নদী তীরবর্তি এলাকা মেন্দিবাগ, কুশিঘাট, শাহজালাল উপশহর, মাছিমপুর, তেররতন, সাদারপাড়, সোবহানীঘাট, যতরপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাহপরাণ উপশহর, টুলটিকর, তালতলা, জামতলা, মণিপুরি রাজবাড়ি, দরগামহল্লা, বাদামবাগিচা, ইলাশকান্দি, পীরমহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ, মুন্সিপাড়া, হাওয়াপাড়া, নাইওরপুল, সোনারপাড়া, বালুচর, মীরেরময়দান, কাষ্টঘর, কালিঘাট, ছড়ারপাড়, দক্ষিণ সুরমার বেশকিছু এলাকা, সিলেট ওসমানী মেডিকেল এলাকাসহ অন্তত শতাধিক এলাকায় পানি ঢুকে পড়ে। তবে এই পানি দিনের দিকে কিছুটা নামলেও পুরোপুরি নামেনি।

নগরীর বন্যার বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) থেকে বলা হচ্ছে, মেয়র, ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন। মোট ৫টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অর্ধসহস্রাধিকেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা সোমবার বেলা ২টায় নগরীর মিরাবাজার, তেররতন, উপশহর হয়ে নগরীর অন্তর্গত দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রসহ পানিবন্দিদের খোঁজখবর নেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোস্টার ডিউটি পালন করবেন নগরভবনের কর্মকর্তাগণ। জরুরি সেবায় কন্ট্রোলরুমে যোগাযোগের ফোন নম্বর (০১৯৫৮-২৮৪৮০০) ২৪ ঘণ্টা চালু থাকবে।
সিসিকের মুখপাত্র সাজলু লস্কর বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে টানাবৃষ্টি হচ্ছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই নতুন করে আরও কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। নতুন প্লাবিত এলাকাগুলোতে কাউন্সিলরদের মাধ্যমে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত আছে। রাতে রান্নাকরা খাবারও পাঠানোর প্রস্তুতি চলছে। নগরীর সকল ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে সমন্বয় করে বন্যা পরিস্থিতি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে নগর কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে থাকা মেয়র মো. আনোয়ারুজ্জামানও নিয়মিতভাবে পরিস্থিতি তদারকি করে নির্দেশনা দিচ্ছেন।’
নগরভবনের জনসংযোগ কর্মকর্তা সাজলু আরও জানান, ‘সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নগরীর ছড়া-খাল পানি ভরে যাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে শঙ্কার কিছু নেই। নগরবাসীর ভীত হওয়ারও কিছু নেই। নগরভবন নগরবাসীর সাথে আছে। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে সবধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা আছে। আশ্রয়কেন্দ্রসহ ত্রাণ সহায়তার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে। ৫টি আশ্রয়কেন্দ্রে খুলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ১৫ নম্বর ওয়ার্ডে কিশোরী মোহন বালক উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, বসন্ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মওদুদ আহমদের বাসায় আশ্রয় কেন্দ্র করা হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, ২৪ নম্বর ওয়ার্ড তেররতন স্কুল, ওমর শাহ স্কুল ও ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউসেপ ঘাসিটুলা স্কুল, জালালাবাদ মডেলস্কুল, মঈনুদ্দিন মহিলা কলেজ, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কাউন্সিলর তাদের নিজ বাসভবনে পানিবন্দী মানুষকে আশ্রয় প্রদান করছেন। ইতোমধ্যে মহানগরীতে লক্ষাধিক মানুষ পানিবন্দী আবস্থায় রয়েছেন।’

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের বরাতে জেলার বন্যা পরিস্থিতির তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সিলেট নগরীর ২৮টি ওয়ার্ডের বাসিন্দারা বন্যা কবলিত। এছাড়া জেলার ৫টি পৌরসভা ও ১৪৮টি ইউনিয়নের মধ্যে ৮৭টি জনপদ বর্তমানে বন্যা কবলিত। সিলেট নগরীর ২৮টি ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা-পৌরসভা মিলিয়ে মোট ৭৬১টি গ্রামের অন্তত ৬ লাখ ১৪ হাজার ২৮২ জন মানুষ বন্যা আক্রান্ত আছেন। পুরো জেলায় মোট ৫৫৪টি আশ্রয়কেন্দ্র পরিচালনা করছে জেলা প্রশাসন। এসব আশ্রয়কেন্দ্রে মোট অন্তত দেড়হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।’
তথ্য প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ‘প্রতিটি এলাকার মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মেডিকেল টিম কাজ চালাচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগে শুকনো খাবার ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।’
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, ‘বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। অনেকেই বাসগৃহে ফিরেছেন। তবে রোববার দিনগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ভারিবৃষ্টি হওয়ায় নদীর পানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিলেট নগরীতে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট নগরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি জানান, অতিবৃষ্টি এবং উজানের পাহাড়িঢল পুনরায় হলে পরিস্থিতি আবারও অবনতি হতে পারে। সার্বিক পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, ‘রোববার জুন সকাল ৬টা থেকে সোমবার জুন সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২২৬ দশমিক ৬ মিলিমিটার। সোমবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪৯ দশমিক ২ মিলিমিটার।’

প্রসঙ্গত, সম্প্রতি সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ২৯ মে রাতে ভারত থেকে নামে পাহাড়িঢল। অতিবৃষ্টি আর পাহাড়িঢলের কারণ নদ-নদীর পানি বাড়তেই থাকে। গোটা জেলায় সিলেট সদর উপজেলাসহ ৮টি উপজেলার প্রায় ৮শটি গ্রাম ও শহরাঞ্চল মিলিয়ে সহস্রাধিক এলাকা প্লাবিত হয়। মাঝখানে দু’দিন শনি ও রোববার বিকেলের পূর্বপর্যন্ত পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও সোমবার মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতি স্মরণ করিয়ে দিচ্ছে ২০২২ সালের দুঃসহ দিনের কথা।
এম সি




