ছবি : নিজস্ব
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যা কবলিত বাদেপাশা ও শরীফগঞ্জ ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নুরুল ইসলাম নাহিদ এম.পি।
মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা বাদেপাশা ও শরিফগঞ্জ ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন । এ সময় তিনি বন্যা কবলিত এলাকার দুর্গত পরিবারের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম নাহিদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, গোলাপগঞ্জ মডেল থানা ওসি মাছুদুল আমিন, সিলেট জেলা আওয়ামীলীগ এর সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর ফখর, উপজেলা আওয়ামী লীগর প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ইউপি সদস্য মিজানুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
গত ৩০ মে গোলাপগঞ্জ উপজেলার সুরমা ও কুশিয়ারা তীরবর্তী কয়েকটি ইউনিয়ন আকস্মিক বন্যায় প্লাবিত হয়। দুই নদীর পানি কমলেও উপজেলার নিম্নাঞ্চলসহ আরো কিছু ইউনিয়ন এরই মধ্যে কবলিত হয়েছে।
এম সি




