ছবি: নিজস্ব
পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে সিলেটের বিয়ানীবাজারে শহীদ মনু মিয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে তার জন্মভূমি পৌর শহরের নয়াগ্রামে তাকে স্মরণ করা হয়।
ফখরুল দৌলা মনু মিয়া বা শহীদ মনু মিয়া ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হন। দিনটির স্মরণে নয়াগ্রামে তার স্মৃতিফলকে শহীদ মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদ, বিয়ানীবাজার পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভার।
এ সময় বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল আলম ঝুনু, মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব খালেদ জাফরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাছুম আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, কবি ওয়ালী মাহমুদ, কবি লুৎফুল হক ফাহিম, প্রভাষক বিজিত আচার্যসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
এসময় বক্তারা ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলনে আত্মত্যাগ করা শহীদ মনু মিয়ার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান।
১৯৬৬ সালের ৭ জুন ঢাকার রাজপথে ছয় দফা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ৩০ বছর বয়সী শ্রমিক মনু মিয়া। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার শহীদ মনু মিয়ার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়। রাজধানী ঢাকার তেজগাঁও নাখালপাড়ায় তার নামে ‘মনু মিয়া উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া স্থানীয়ভাবে শহীদ মনু মিয়ার স্মৃতিচিহ্ন রক্ষায় বিয়ানীবাজারের যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে তার জন্মস্থান নয়াগ্রামে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়।
এস এইচ টি/




