ছবি: নিজস্ব
অজ্ঞাত সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় দিন কাটাচ্ছেন বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী ও আ.লীগ নেতা মো. আব্দুল হান্নান। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন গত ৩০ মে রাতে রাজনৈতিক প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। গত শনিবার দুপুরে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
মো. আব্দুল হান্নান পেশায় একজন ব্যবসায়ী। তিনি বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারস্থ জান্নাত টেলিকমের সত্ত্বাধিকারী এবং পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নানকে দেখতে গত মঙ্গলবার বিকালে তাকে দেখতে যান সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসার নির্দেশ প্রদান করেন এবং চিকিৎসাধীন মো. আব্দুল হান্নানের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
জানা গেছে, গত ৩০ মে রাত আনুমানিক ৮টাযর দিকে পৌরশহরের দক্ষিণবাজারস্থ মো. আব্দুল হান্নানের মালিকানাধীন জান্নাত টেলিকমের আশপাশ এলাকায় ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাকে একা পেয়ে জিম্মি করে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে দুই পা, হাত ও শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে মৃত ভেবে আব্দুল হান্নানকে রাস্তায় অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয় পথচারীরা মো. আব্দুল হান্নানকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, মো. আব্দুল হান্নানের শরীরের একাধিক স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।
আব্দুল হান্নানের স্বজনরা জানিয়েছেন, এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় কোন অভিযোগ করা হয়নি। আব্দুল হান্নান সুস্থ হওয়ার পর আইনী সহায়তা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এইচ টি/




