ছবি: সংগৃহীত
সিলেট নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের টিলায় ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় আটক শাহীন আহমদকে (১৯) রিমান্ডে নিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় দৈনিক জৈন্তাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন। তিনি বলেন, মামলা দায়েরের পর শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় নিহত সাবিলের আব্দুল হাসান শিমুল বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানের পাশ থেকে আবুল হাসান সাবিলের লাশ উদ্ধার করে পুলিশ। সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আবদুল হান্নান শিমুলের ছেলে। তিনি নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পাঠাও কুরিয়ারে ডেলিভারির কাজ করতেন।
সাবিলের বাবা আব্দুল হাসান শিমুল বলেন, একা সংসার চালানো সম্ভব না হওয়ায় ছেলেকে চাকরিতে পাঠান। তার ছেলে সাদাসিধে ও সহজ সরল ছিল। কিছুদিন আগে নতুন ফোন কিনে দিয়েছিলেন। সেই ফোনটিও তার কাছ থেকে কারা নিয়ে গেছে।
সাবিলের মা জানান, বৃহস্পতিবার সকালে সাবিলকে ঘর থেকে ডেনে নিয়ে যান তার পূর্বপরিচিত শাহিন আহম্মেদ। তখন সাবিলের মা শাহিন ছেলেকে জিজ্ঞেস করেন কোথায় নিয়ে যাচ্ছে। জবাবে কাজ আছে বলে জানায় শাহিন। মায়ের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বিকেলে সাবিলের স্বজন ও প্রতিবেশিরা শাহিনকে বাসা থেকে ডেনে নিয়ে আসেন।
পুলিশ জানায়, হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানে এক যুবকের লাশ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে রক্তাক্ত আবুল হাসান সাবিলের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে পাঠাও কুরিয়ারের কিছু ডেলিভারিসামগ্রী ও একটি বাইসাইকেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার শাহীন সিলেট নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সাথে মাঝেমধ্যে ডেলিভারিতে সাহায্য করতো শাহীন। বৃহস্পতিবার সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে সাবিলকে ছুরিকাঘাতে হত্যা করে শাহীন।
এস এইচ টি/




