করিমউল্লাহ মার্কেটে অভিযান: র‌্যাবের জালে চোরাই সিন্ডিকেট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

করিমউল্লাহ মার্কেটে অভিযান: র‌্যাবের জালে চোরাই সিন্ডিকেট

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১০:৩০:১৭ পূর্বাহ্ন

করিমউল্লাহ মার্কেটে অভিযান: র‌্যাবের জালে চোরাই সিন্ডিকেট

ছবি : নিজস্ব


সিলেটে বিপুল পরিমাণ মোবাইল ও আইএমইআই পরিবর্তনকারী সরঞ্জামাদিসহ চোরাই মোবাইল সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি টিম। সোমবার নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী চক্র ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইসসহ গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দক্ষিণ সুরমা উপজেলার রাউয়াই উম্মরকবুল গ্রামের নজিবুল ইসলাম জেবলু (২২), মহানগরীর শাহপরাণ থানাধীন লামাপাড়া এলাকার মো. আব্দুর রহিম (২৮), হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুরের মো. মাসুদ মিয়া (২৩), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের মো. ইমন (২২), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া গ্রামের মিজানুর রহমান (২২) এবং ধরাধরপুর গ্রামের আব্দুর রহমান (২২)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে জৈন্তাবার্তাকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- সিলেট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। খুবই অল্প সময়ে চুরি- ছিনতাইয়ের কাজ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে চুরি ও ছিনতাইকৃত এসব মোবাইল পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করা হয়।

পাশাপাশি তারা মোবাইলের কেসিং, ডিসপ্লেও পরিবর্তন করে ফেলে। অনেকক্ষেত্রে এই সকল মোবাইল বিভিন্ন অপরাধ করার জন্য অপরাধীরা ক্রয় করে থাকে। গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন যাবত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানা যায়। ব্র্যান্ড এবং কোয়ালিটি ভেদে এসব মোবাইলের দাম বিভিন্ন পরিমাণ টাকা পর্যন্ত হয়ে থাকে।

র‌্যাব-৯ থেকে জানানো হয়েছে, চক্রটি প্রায় ২০ থেকে ২৫ হাজারের অধিক মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানায়। তারা ব্র্যান্ড ও কোয়ালিটিভেদে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই যে কোন মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয়ের জন্য প্রস্তুত করে।

গ্রেপ্তারকালে তাদের কাছে ২৩১টি স্মার্ট মোবাইল, ১০টি বাটন মোবাইল, ১০টি ট্যাব, ২টি পিসি, ৩টি মনিটর, ২টি কীবোর্ড, ২টি মাউস, ১টি হার্ডড্রাইভ, ২টি পেনড্রাইভ, নগদ ৭৫ হাজার ৫৫০ টাকা এবং ১টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা (নং-১৪(০৫)২৪) দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাই মোবাইল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-৯, সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন জৈন্তাবার্তাকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের র‌্যাব-৯ কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছেন। তাদেরকে আদালতে হাজির করবে পুলিশ।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক