ছবি : নিজস্ব
জীবন বড় নাকি ছোট সেটি বড় কথা নয়। জীবনের পূর্ণতা হচ্ছে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকার স্বার্থকতা। কম সময়ের একটি জীবনে কবি নাজমুল ইসলাম মকবুল অনেক ভালো কাজ সম্পাদন করেছেন। তিনি একজন ভালো সংগঠক ছিলেন। তার লেখা আনন্দ দিতো। বিশেষ করে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা ‘আমরার ঘরের তাইন’ ইত্যাদি সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বেঁেচ থাকবেন। আমাদের প্রত্যেক লেখককে পরিশ্রমী ও নিজেদের লেখার প্রতি যত্নশীল হতে হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সাইক্লোনের ২৮৫তম সাহিত্য আসরে কবি সংগঠক গীতিকার নাজমুল ইসলাম মকবুল’র স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান একথা বলেন।
সোমবার সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো. আমিনুল ইসলাম।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, দৈনিক শুভ প্রতিদিদের বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক ইসরাক জাহান জেলী। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. আব্দুল মজিদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কবি ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।
কবি কামাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাহিত্য আসরে লেখাপাঠে অংশ নেন, কবি ছয়ফুল আলম পারুল, কুবাদ বখত চৌধুরী রুবেল, মোহাম্মদ শরিফ আহমদ ও সাজিদুর রহমান। সভাশেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল কাদের তাপাদার।
জৈন্তাবার্তা/ মনোয়ার




