আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৫ টি কোরবানির পশুর হাট বসবে। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদকে ঘিরে অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার সব প্রক্রিয়া ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেষ হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে হাট।
জানা গেছে, এবার গোলাপগঞ্জে অস্থায়ী ভাবে মোট ৫ টি আবেদন জমা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদগুলো পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
খামারিরা বলছেন, গত কয়েক মাসে সব ধরনের গোখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খামারের গরুর চিকিৎসা ব্যয়, গ্যাস-বিদ্যুৎ বিলসহ পরিচালন ব্যয় বেড়েছে। যার কারণে এ বছর প্রতি গরুতে ২০ শতাংশ দাম বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পাওয়ার কারণে খামারে ঘুরতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ এখন ছোট গরুর প্রতি বেশি দেখা যাচ্ছে বলে জানা গেছে।
গরু খামারি মইন উদ্দিন বলেন, আমাদের খামারে একটা গরু সংগ্রহ করার পর প্রথমে চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনেক গরুর কিছু রোগ থাকে, সেগুলোর চিকিৎসা করানো হয়। চিকিৎসা ব্যয়ও বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে খামার পরিচালনার ব্যয়ও বেড়ে গেছে। ফলে, এবার কোরবানিতে গরুর দাম বাড়বেই, উপায় নেই।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য গোলাপগঞ্জ উপজেলায় ১৫/২০ হাজার পশুর চাহিদা রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলি রাজীব মাহমুদ মিঠুন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে, কোরবানির পশুগুলো যাতে সুস্থ সবল থাকে এবং রোগাক্রান্ত পশু যাতে বিক্রি করতে না পারে তা নিশ্চিতে সার্বক্ষনিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়া গরু ছাগল সুস্থ সবল দেখতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ কার্যালয় ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ গ্রহণ করা বলেও জানা গেছে।
গোলাপগঞ্জের বিশাল বড় গরুর হাট এম সি একাডেমী মাঠে আগামীকাল শুক্রবার থেকে ঈদ উল আজহার দিন সকাল পর্যন্ত গরু ছাগল বিক্রি হবে বলে জানান ইজারাদার এনায়েত করিম খুকন।
গোলাপগঞ্জ উপজেলায় যে পরিমাণ পশু রয়েছে তাতে চাহিদা পূরণ হয়ে যাবে বলে মনে করেন খামারিরা, কারণ তালিকাভূক্ত খামারিদের বাইরেও ব্যক্তি ও পরিবার পর্যায়ে অনেকেই কোরবানির জন্য দুয়েকটি পশু লালন-পালন করে থাকেন। সেই হিসেবে তাদের কাছেও প্রচুর কোরবানিযোগ্য পশু রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সুত্রে জানা যায়, প্রতিবছরই কোরবানির পশুর চাহিদা বাড়ছে। সঠিক পদ্ধতি ব্যবহার করে গরু হৃষ্ট-পুষ্টকরণে খামারিদেরকে উৎসাহিত করার জন্য এবং এ কার্যক্রমে রাসায়নিক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য মাঠপর্যায়ে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এলএইচ




