ছবি : নিজস্ব
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। সেই সাথে বন্যা প্রবন মৌসুম ও অতি বৃষ্টির ফলে উপজেলার পাহাড় টিলা এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সতর্ক থাকার আহবান জানান তিনি। তিনি বলেন সম্প্রতি সিলেট নগরীর টিলাগড় এলাকায় টিলা ধসে একই পরিবারের মা বাবা সহ শিশু নিহতের ঘটনার পর সতর্ক দৃষ্টি রাখছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।
বিশেষকরে জৈন্তাপুর,নিজপাট,চারিকাঠা ও চিকনাগোল ইউনিয়নের বেশ কিছু জায়গা পাহাড় টিলা বেষ্টিত। সেই সমস্ত এলাকায় অনেক মানুষ অপরিকল্পিতভাবে টিলা কেটে কিংবা টিলার নিচের অংশে ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে।
বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় দৈনিক জৈন্তাবার্তা প্রতিবেদকের সাথে জৈন্তাপুরবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকলকে ঈদের শুভেচ্ছা, সেই সাথে কিছুদিন আগে বড় একটা বন্যার সময় উপজেলাবাসী পার করেছি। এখন আপাতত বন্যার কোন প্রভাব না থাকলেও যে কোন সময় পাহাড়ী ঢল কিংবা অতিবৃষ্টির কারণে বন্যা হতে পারে। সেই সাথে কোরবানীর ঈদ হওয়ায় পশুর বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ও ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ও যানজট এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্হা গ্রহনের আহবান জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, ঈদ ও তার পরবর্তী সময় তামাবিল মহাসড়কে দূর্ঘটনা রোধে সতর্কতার সহিত যানবাহন চালানোর আহবান জানান। বিশেষ করে উঠতি বয়সী ছেলেদের মোটরসাইকেল বেপোরয়াভাবে না চালানোর জন্য অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহবান জানান। এ বিষয়ে ঈদ পরবর্তী সময়ে মহাসড়কে প্রশাসনের পাশাপাশি পুলিশ সার্বিকভাবে মনিটরিং করবে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, বন্যা সহ যেকোন প্রাকৃতিক দূর্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সার্বিকভাবে মনিটরিং করে আসছেন। তিনি বলেন যে সমস্ত এলাকায় টিলা পাহাড়ের পাদদেশে মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে সেখানকার চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে মাইকিং করে সতর্ক করা সহ ঝুঁকিপূর্ণ পয়েন্ট গুলোতে লাল নিশানা টাঙানো হয়েছে। তিনি আরো বলেন বারবার অনুরোধ করার পর যারা নিরাপদ আশ্রয়ে আসতে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে পারেন।
তাছাড়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে যে যে স্হান গুলোতে লাল নিশানা টাঙানো হয়েছে অতিভারী বৃষ্টির সময় অবশ্যই তাদের নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য আহবান জানান তিনি। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসন সার্বক্ষনিকভাবে বিষয়গুলো মনিটরিং করছে বলে তিনি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা /বাবু / মনোয়ার




