ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে সালুটিকর গোয়াইনঘাট সড়কে বঙ্গবীরের সামনে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি টুকইর, যৎনাথা (কাংলাকুড়ি) ব্রিজের নির্মাণকাজ গত এক বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। যথাসময়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।
যাতায়াতে ব্রীজের কাজের ধীরগতির কারণে পশ্চিম গোয়াইনঘাটবাসীর যোগাযোগ বর্ষা মৌসুমে উপজেলা সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত মে মাসের শেষের দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিকল্প রাস্তা ডাইবারসন ডুবে গিয়ে যান ও জনচলাচলের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।চরম ভোগান্তিতে পড়েন মানুষজন।
বন্যায় পারাপারে একমাত্র ভরসা হয় ডিঙি নৌকা। যা বর্তমানে চলমান রয়েছে। প্রতিজন মানুষকে পারাপারে দিতে হয় ১০ টাকা ও মোটরসাইকেল প্রতি ১০০ টাকা এবং মালামাল নিয়ে পারাপারে নৌকার মালিকের সাথে আলোচনা সাপেক্ষে পার হতে হয়।
স্থানীয়ভাবে টুকুইর ও যৎনাথা দুই গ্রামের বাসিন্দারা পারাপারে পড়েন বেশি বিপাকে।ওপারে স্থানীয় গুরুকচি বাজার হওয়ায় প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন দুই গ্রামের প্রতি পরিবার থেকে নূন্যতম দুই তিনজন দিনে দুই তিনবার করে পার হতে হয়। এতে দুই গ্রামের বাসিন্দাদের প্রতিদিন বড় অংকের টাকার লস হয়।ব্রিজের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানুষ যাতায়াত ও পারাপারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না দেখে যৎনাথা গ্রামবাসীর উদ্যোগে গ্রামের নিজস্ব ফান্ড থেকে দশ হাজার টাকা অর্থায়নের মাধ্যমে বাঁশ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে শ্রমিক লাগিয়ে অসমাপ্ত কাজের ব্রীজের উপর বাঁশের সাঁকো তৈরি করে মানুষ যাতায়াতের ব্যবস্থা করা হয়।
যৎনাথা গ্রামের বাসিন্দা মুরব্বি কুতুব উদ্দিন ও যুবক বাছির আহমদ জানান,ব্রিজের ওপারে স্থানীয় গুরুকচি বাজার হওয়ায় প্রয়োজনীয় কাজ সারতে আমাদের গ্রামের প্রতিটা পরিবারের দুই থেকে তিনজন, কোন কোন পরিবারের ৬ থেকে ৭ জন দিনে দুই থেকে তিনবার পার হতে হয়। ডিঙ্গি নৌকায় দশ টাকা করে গ্রামের প্রতিটা পরিবারের অনেক টাকা চলে যায় এবং অনেকে ডিঙ্গি নৌকায় পার হতে ভয় পায়। ব্রিজের কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ কোন উদ্যোগ গ্রহণ না করায় আমাদের গ্রামের মুরুব্বিয়ানদের পরামর্শে গ্রামের উদ্যোগে ১০ হাজার টাকা ব্যয়ে বাঁশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়।
এতে করে প্রতিদিন গ্রামের মানুষের আনুমানিক ১০ হাজার টাকা বাঁচে। তাছাড়া দিনে রাতে যে কোন সময় যেকোনো মানুষ পার হতে আর কোন অসুবিধা নেই ও নৌকার জন্য অপেক্ষা করতে হয় না।অন্যান্য পথচারীরাও এই সুবিধাভোগ করতে পারছেন।
উল্লেখ্য সালুটিকর-গোয়াইনঘাট সড়কের এলজিইডির আওতায় টুকইর যৎনাথায় ব্রিজের কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে।
স্থানীয়রা জানান,ঠিকাদারের গাফিলতি আর কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগের শিকার পশ্চিম গোয়াইনঘাটের এলাকাবাসী।
এস এইচ টি/




