ছবি : নিজস্ব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা-ঘুলুয়া সড়কের লামামেউহারী থেকে ঘুলুয়ার কদমতলা বাজার পর্যন্ত ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিনেও পাকা হয়নি। এতে ধর্মপাশার তিনটি ইউনিয়নসহ আশপাশের উপজেলার লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের লামামেউহারী গ্রামের সামনের কালভার্ট থেকে সুখাইড় রাজাপুর হয়ে দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া কদমতলা বাজার পর্যন্ত সড়কটি এলজিইডির আওতাধীন। সড়কটি কংস নদের তীর ঘেঁষে চলে গেছে। সাত-আট বছর আগে ভাঙনের কবলে পড়ে এ সড়কের প্রায় ৩০০ ফুট অংশ বিলীন হয়। তখন থেকেই সড়কটির ভাঙা অংশে মাটি দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু বর্ষায় আবারও তা নদে বিলীন হয়। বৃষ্টি হলেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।
গত মার্চে সদর ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাঁশ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করে সড়কটি চলাচল উপযোগী করা হয়েছে। কিন্তু বৃষ্টিতে কয়েক জায়গায় কাদা জমে দুর্ভোগ তৈরি হয়েছে। এ ছাড়া ঘুলুয়া মাদ্রাসাসংলগ্ন এলাকা থেকে কদমতলা বাজার পর্যন্ত সড়কটিও বেহাল। এ সড়ক দিয়ে শুকনা মৌসুমে ধর্মপাশা সদর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাসিন্দারা উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেন। হাওর থেকে ধান পরিবহনের কাজেও এ সড়কের ভূমিকা গুরুত্বপূর্ণ। বৃষ্টিতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
স্থানীয় ইজিবাইক চালক বাদশা মিয়া বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল এ সড়কে। উপজেলা সদর থেকে জেলা শহরে যাওয়ার একমাত্র সড়ক এটি। বৃষ্টির দিনে ইজিবাইক উল্টে যাওয়ার ভয়ে যাত্রীরা এটি ব্যবহার করতে চায় না।
ঠিকাদার আবু সাদাত তিতাস বলেন, প্রায়ই জরুরি কাজে এ সড়ক দিয়ে তাঁকে জেলা শহরে যেতে হয়। সড়কের কাঁচা অংশে খানাখন্দ ও কাদা জমে থাকায় নিয়মিতই দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে মেউহারী-ঘুলুয়া অংশ মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে পার হন স্থানীয়রা।
চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক হাসান বলেন, বছরের অর্ধেক সময় এ রাস্তায় মোটরসাইকেলে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করেন তিনি। বৃষ্টি হলেই যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়ে।
ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়নে সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। নদের ভাঙন থেকে রক্ষায় শিগগিরই পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করবে বলে তিনি শুনেছেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার জানান, উপজেলার হাওরাঞ্চলের বাসিন্দাদের ধান বাজারজাতকরণের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের মাত্র এক কিলোমিটার অংশ পাকা করা হলে চলাচলে ভোগান্তি থেকে রেহাই মিলবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, বন্যা-২০২২ প্রকল্পের অধীনে সড়কটির এক কিলোমিটার অংশ পাকাকরণের জন্য এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটির টেন্ডার সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা/ মনোয়ার




