ছবি: সংগৃহীত
সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও গুরুত্বপূর্ণ মসজিদসমূহে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারও নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এছাড়াও নগরীর আলিয়া মাদরাসা মাঠে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাসহ নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের ৩টি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এগুলো ছাড়াও নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ ও শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদসহ নগরীর অন্যান্য ঈদগাহগুলোতেও পৃথক আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮ অনুষ্ঠেয় জামাতে ইমামতি করবেন হুজায়ফা হোসেন চৌধুরী।
ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এবারের ঈদের জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন। এছাড়া নামাজের আগে ওয়াজ করবেন মাওলানা মোস্তাক আহমদ খান। শাহী ঈদগাহের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি সাবেক সিটি কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর শুক্রবার সন্ধ্যায় জৈন্তাবার্তাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শাহী ঈদগাহ ময়দানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজজ্জামান চৌধুরীসহ সিলেটের বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামাগণ অংশগ্রহণ করবেন।
ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি ফয়জুল আনোয়ার আলাউর জানিয়েছেন ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধু মাইক লাগানোর কাজ বাকি আছে। সেটাও শেষ হয়ে যাবে।
আলীয়া মাদরাসা মাঠে থাকবে নারীদের জন্যও ব্যবস্থা :
সিলেটের ঐতিহ্যবাহী সরকারী আলিয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামায়াত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহার জামাতকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।
ঈদুল আযহার জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। জামাতে ইমামতি ও খুতবা পেশ করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দি। ঈদ জামাতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
কুদরত উল্লাহ মসজিদে হবে ৩টি জামাত : নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানি। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ। ঈদুল আজহার পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি, জ্যেষ্ঠ সাংবাদিক মুকতাবিস উন নূর।
এস এইচ টি/




