ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী তিনটি, অস্থায়ী নয়টি ও পৌর শহরের একটি সহ মোট ১২টি স্থানে কোরবানির পশুর হাট বসেছে। প্রতি বছরের মতো এবারও হাটগুলোতে গরু, ছাগল ও ভেড়া নিয়ে বিক্রেতারা ভিড় জমিয়েছেন।
পৌরসভা কার্যালয়ের সামনের মাঠে ষঁাড় নিয়ে আসা বিক্রেতা কুতুবউদ্দিন জানান গরু ছাগলের উপস্থিতি প্রচুর। কিন্তু দাম পর্যাপ্ত নয়। ১ লাখ বিশ হাজার টাকার ষঁাড় ৯০ হাজার টাকার বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। দাম নাগালের মধ্যে থাকায় এবং পশুর উপস্থিতি বেশি থাকায় ক্রেতারা এবার ফুরফুরে মেজাজে রয়েছেন। তবে অর্থনৈতিক মন্দাভাব থাকায় কোরবানি পশুর হাটগুলোতে বেচা-কেনা নিয়ে বিক্রেতারা হতাশার মধ্যে রয়েছেন। এছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় গরু দেশে অবাধে প্রবেশ করায় খামারিরা রয়েছেন হতাশায়। অনেক খামারি সারা বছর গরু ছাগল লালন পালন করে অধিক মূল্যে বিক্রির আশায় থাকলেও পর্যাপ্ত মূল্য না পাওয়ায় অনেকে গরু বিক্রি করতে না পেরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
সফল খামারি ফয়সাল আহমদ জানান, চোরাই পথে ভারতীয় গরু আমদানি হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব। আর খামারিরা লোকসান দিয়ে গরু বিক্রি করে বাজারে টিকতে না পারায় বেকার হয়ে পড়েছে। উপজেলায় স্থায়ী পশুর হাট বসেছে জাউয়া বাজার, গোবিন্দগঞ্জ বাজার, দোলার বাজারে। অস্থায়ী হাট বসেছে টেটিয়ার চর বাজার, সোনালী বাংলা বাজার, লাকেশ্বর বাজার, চৌমুহনী বাজার, হাসনাবাদ বাজার, ধারণ বাজার, আলীগঞ্জ বাজার, ইসলাম বাজার ও কামারগাঁও বাজারে।
জৈন্তা বার্তা /সাকির/টিটু




