ছবি: সংগৃহীত
সোমবার সারাদেশে একযোগে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সিলেট জেলা ও মহানগরের সকল ঈদগাহ এবং এলাকার জামে মসজিদগুলোতে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও সিলেট জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শনিবার শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান। এসময় ঈদগাহ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি ফয়জুল আনোয়ার আলাউরসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে নগরীর শাহী ঈদগাহ ময়দানের চারদিক, সিলেট নগরভবন ও ক্বিনব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটায় শাহী ঈদগাহ ময়দান পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান বলেন, শাহী ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য ৭০০ বছরের। ময়দানটি প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টি বাগড়া না দিলে এখানে অন্তত লক্ষাধিক মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় এসএমপি কমিশনার জাকির হোসেন খান বলেন- নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে শাহী ঈদগাহ এলাকায় সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া থাকবে ক্রাইসিস রেন্সপন্স টিম (সিআরটি)। ড্রোন ক্যামেরায় আমরা শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করব।
এসএমপি কমিশনার বলেন, ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি যান। নগর কিছুটা ফঁাকা হয়ে যায়। বাসা-বাড়ি, মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য পুলিশ পর্যাপ্ত টহল ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিবারের মতো এবারও নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি সাবেক সিটি কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর জানান, শাহী ঈদগাহ ময়দানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজজ্জামান চৌধুরীসহ সিলেটের বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামাগণ অংশগ্রহণ করবেন।
সরকারি আলিয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামায়াত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। জামাতে ইমামতি ও খুতবা পেশ করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দি। ঈদ জামাতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানি। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
এস এইচ টি/




