দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৭:১৭:১০ পূর্বাহ্ন

দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি

ছবি: সংগৃহীত


মাত্র দুইদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি। কয়েক মাস ধরে অসহনীয় গরম আর তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দিল্লি ও এর আশপাশের এলাকাগুলোতে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিল্লিতে। বিগত ৮৮ বছরের মধ্যে একদিনে (২৪ ঘণ্টায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এটি। ১৯৩৬ সালের জুন মাসে দিল্লিতে একদিনে ২৩৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রাক্‌‌-বর্ষার বৃষ্টিতে ভেসেছে দিল্লি এবং সংলগ্ন এলাকা। কিন্তু শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা এসে গেছে। আগাম এ বর্ষার প্রথম বৃষ্টিতে দিল্লির মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড, মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা প্লাবিত হয়ে গেছে।

শুক্রবার কাইজজারগঞ্জে কোদিয়া সেতুর আন্ডারপাসে ৮ ফুট পানিতে আটকে যায় একটি যাত্রীবোঝাই বাস। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল গিয়ে যাত্রীদের উদ্ধার করে। দক্ষিণ-পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতেও পানি ঢুকেছে। সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে মিন্টো রোডের রাস্তা দিয়ে গাড়ি ভেসে যেতে দেখা গেছে।

এছাড়া দিল্লি-মীরাট মহাসড়ক, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজাদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এমসের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো ডুবে গেছে বৃষ্টি পানিতে। পাশাপাশি ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবাও।

এদিকে ভারী এ বর্ষণে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশও ভেঙে পড়েছে শুক্রবার সকালে। এতে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই টার্মিনালের সব কাজ এবং পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার