ছবি : নিজস্ব
সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার তরুণরা যখন যুক্তরাজ্য (স্থানীয় ভাষায় লন্ডন) যেতে বিভোর তখন লন্ডন গিয়ে মন বসেনি হাসানুল হোসেন মনিরের। তিনি লন্ডন না থেকে দেশে এসে গরুর খামার করে ভালো আয় রোজকার করছেন। উপজেলার লুদরপুর গ্রামের তরুণ হাসনুল হোসেন ছয়ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। বাবা ছিলেন কৃষক। ২০১১ সালে এসএসসি পাস করে সিলেট মদন মোহন কলেজে এইচএসসি পড়াকালীন সময় লন্ডনে থাকা বড় ভাইয়ের সহযোগিতায় লন্ডনে পাড়ি জমান। সেখানে দুই বছর থাকার পর তাঁর মন বসেনি। তিনি ২০১৬ সালে দেশে চলে আসেন। এরপর কী করবেন ভাবতে থাকেন। এক পর্যায়ে বাপ চাচার দেখানো পথে শুরু করেন গরুর খামার। বর্তমানে তাঁর খামারে সাতটি বড় অস্ট্রেলিয়ার গাভী ও তিনটি ছোট বাচ্চা গাভী রয়েছে। দুধ বিক্রি করে তিনি মাসে ৫০ হাজার টাকা আয় করছেন।
হাসনুল হোসেন ওরফে মনির জানান, ছোটবেলায় তাঁর বাবা ও চাচার দেশি গরু ছিল ১৫-২০টি। এসব গরু লালন পালন তাঁর ভালো লাগতো। পড়ালেখার কারণে সিলেট শহরে চলে যাওয়া ও ২০১৪ সালে লন্ডন চলে গেলে কিছু দিন এসব থেকে দূরে ছিলেন। লন্ডনে স্থায়ী বসবাসের সুযোগ পেলেও সেখানে কাজের পরিবেশ ও জীবনযাপন তাঁর ভালো লাগতো না। তাই ২০১৬ সালে দেশে ফিরে আসেন। এরপর কী করবেন ভাবতে থাকেন এবং এক পর্যায়ে এক লাখ টাকা দিয়ে কিনেন একটি বিদেশী জাতের গাভীর বাচ্চা। সেটা লালন পালন ও দুধ সংগ্রহে কাটে দিন। এরপর থেকে তিনি বাড়াতে থাকেন গরুর খামার। একে একে এখন তাঁর খামারে সাতটি বিদেশী জাতের অস্ট্রেলিয়ান গাভী। প্রতিদিন এক একটি গাভী থেকে দুধ পান ১০ থেকে ১৫ লিটার। প্রতিমাসে গরুর খামারে খরচ হয় ৭০-৮০ হাজার টাকা। দুধ বিক্রি করে আয় হয় ১ লাখ থেকে একলাখ ১০ হাজার টাকান
হাসনুল হোসেন জানান, পরিবার পরিজনের সঙ্গে বসবাস করে স্বাধীনভাবে নিজের খামার চালিয়ে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় হওয়ায় ভালো লাগছে। লন্ডন থেকে চলে আসারপর আত্মীয় স্বজনরা আমার জন্য দুশ্চিন্তায় ভুগছিলেন আমিও চিন্তায় পড়ে যাই। এখন দেখছি ভুল হয়নি ভালোই আছি।
হাসনুলের ভাই এমদাদুল হোসেন বলেন, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ভাই হাসনুল নিজ হাতে গাভীদের আপন মমতায় যতন করেন। দুই জন শ্রমিক রয়েছেন সার্বক্ষণিক লালন পালনের জন্য। গাভীদের খাবারের জন্য আমাদের জমিতে ঘাষ চাষ করা হয়েছে। এসব আয় থেকে কিনছেন বোরো জমি। ঘরের ভাত ও দুধ নিয়ে দুধে ভাতে ভালো আছি আমরা।
জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন, ৩০-৪০ লাখ টাকা খরচ করে যখন এ উপজেলার তরুণরা লন্ডন যাচ্ছেন তখন হাসনুল দেশে ফিরে গরুর খামার করে ভালো আছেন এটা সত্যি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক। আমরা এ খামারের গরুদের স্বাস্থ্যগত পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছি।
জৈন্তাবার্তা/ মনোয়ার




