ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে নিহত সাংবাদিক এটিএম তুরাবের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক তুরাবের স্বজনদের উপস্থিতিতে কবর জিয়ারত করেন জেলা প্রশাসক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামিম, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ, বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক আসাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ জাবুরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কবর জিয়ারত শেষে সিলেটের জেলা প্রশাসক নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং প্রশাসনিকভাবে নানা সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বলেন, সিলেটের জেলা প্রশাসকসহ সকল প্রশাসনিক কর্মকর্তার আজ আমার ভাইয়ের কবর জিয়ারতে এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। সেই সাথে আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার যেন দ্রুত শুরু হয় এ বিষয়ে আমাকে জেলা প্রশাসক আস্বস্ত করেছেন।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে জুম্মার নামাজের পর পেশাগত দায়িত্ব পালনকালীন পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত পেশাগত জীবনে সাপ্তাহিক সপ্তাহজুড়ে, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সংবাদ থেকে যাত্রা শুরু করে সিলেটের প্রথম সারির দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চীফ হিসেবে কর্মরত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




