ছবি:সংগৃহীত
সিলেটের সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের দাবি, গত ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে ৩৯টি লেনদেনের মাধ্যমে ওই হিসাব থেকে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রাহকের ব্যবহৃত মোবাইল ফোন, বিকাশ অ্যাকাউন্ট, ফিঙ্গারপ্রিন্ট ও লেনদেনের ধরন নিয়ে তদন্তে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে বলেও দাবি করেছে ব্যাংক।
সোমবার (১৬ নভেম্বর) সিলেটের কোর্ট বিল্ডিং শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।
লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক দিলীপ কুমার দাশ চৌধুরীর ৫৬০৮০০২০২৮০৪২ নম্বর হিসাব থেকে তাঁর অভিযোগ অনুযায়ী ৩৫ লাখ টাকা উধাও হওয়ার খবর প্রকাশিত হয়। অর্থ স্থানান্তরের বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত অনুসন্ধান করা সম্ভব হয়নি। তবে প্রধান কার্যালয়ের মাধ্যমে অর্থ স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগী হিসাবগুলোতে স্টপ পেমেন্ট ও ডেবিট ফ্রিজ কার্যকর করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি নিয়ে শাখা, প্রিন্সিপাল অফিস, জেনারেল ম্যানেজার (জিএম) অফিস ও প্রধান কার্যালয়ের সমন্বয়ে তদন্ত করা হয়েছে। এতে বেশ কিছু তথ্য ও অগ্রগতি পাওয়া গেছে।
তদন্তের তথ্য তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, গ্রাহক গণমাধ্যমে নিজেকে বাটন ফোন ব্যবহারকারী হিসেবে উল্লেখ করলেও ব্যাংকের দাবি, তিনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। তাঁর ঘনিষ্ঠজনেরাও বিষয়টি জানেন। এমনকি সংবাদ সম্মেলনের দিনও তাঁকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখা গেছে। তাঁর ব্যবহৃত ফোনে পস সুবিধাও রয়েছে বলে দাবি করা হয়।
এ ছাড়া একই সিম নম্বর ব্যবহার করে গ্রাহক একটি বিকাশ অ্যাকাউন্ট পরিচালনা করেন। ব্যাংকের বক্তব্য অনুযায়ী, গত ৩ অক্টোবর অপরিচিত একটি নম্বর থেকে যোগাযোগ করে তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহের পর প্রতারক চক্র ওই বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় ২৬০ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করলেও ব্যাংককে বিষয়টি অবহিত করেননি বলে দাবি কর্তৃপক্ষের।
গ্রাহকের ব্যবহৃত স্মার্টফোন পরীক্ষা করে একাধিক সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথাও জানিয়েছে ব্যাংক। লিখিত বক্তব্যে বলা হয়, গ্রাহকের ১০টি আঙুল পরীক্ষা করে মাত্র একটি আঙুলের ফিঙ্গারপ্রিন্ট তাঁর নিজের বলে শনাক্ত করা হয়েছে। বাকি ফিঙ্গারপ্রিন্টগুলো কার, সে বিষয়ে গ্রাহক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি ব্যাংকের। এ ছাড়া তাঁর মোবাইল ফোনে এসএমএস অপশন বন্ধ এবং মাইজিপি অ্যাপ একাধিক ডিভাইসে লগইন করা অবস্থায় পাওয়া গেছে।
লেনদেনের বিবরণ তুলে ধরে ব্যাংক জানায়, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তর করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের প্রশ্ন, একজন পেশাদার হ্যাকার এভাবে সাত দিন ধরে এতগুলো পৃথক লেনদেনের ঝুঁকি নেবেন কি না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার করে গ্রাহকের নিজের মোবাইলেও রিচার্জ করা হয়েছে। পাশাপাশি নয়টি ব্যাংকের বিভিন্ন হিসাবে, শেয়ারবাজারের একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে এবং বিভিন্ন কেনাকাটায় বাংলা কিউআর কোড ব্যবহার করেও টাকা স্থানান্তর করা হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
ব্যাংকের দাবি, লেনদেনগুলোর প্রায় সবই মধ্যরাতে সংঘটিত হয়েছে। সাধারণত মানুষ যখন ঘুমিয়ে থাকেন, তখনই এসব লেনদেন হয়েছে বলে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে লিখিত বক্তব্যে প্রশ্ন তোলা হয়, একজন পেশাদার হ্যাকার কি কেবল মধ্যরাতেই এ ধরনের লেনদেন পরিচালনা করবেন?
সংবাদ সম্মেলনে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি নিয়ে শাখা থেকে শুরু করে প্রধান কার্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তদন্ত করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও অগ্রগতির বিষয়গুলো জনসাধারণের অবগতির জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




