ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০১:০১:৪২ অপরাহ্ন

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া


সম্পর্কের ফাঁদ পেতে ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে নেওয়ার লোভ দেখিয়ে গরিব দিনমজুরকে ফুসলিয়ে খালি চেকের পাতায় সই নিয়ে মামলা করে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল গ্রামের মঙ্গল মিয়া। আর অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হাশেম। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় বসবাস করছেন।

গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে এক রাজনৈতিক নেতাসহ দুজনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

গত ৩ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত নং-১০)-এ মামলাটি দায়ের করেন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার বাসিন্দা মো. মঙ্গল মিয়া।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মো. আবুল হাশেমকে এবং তার সহযোগী হিসেবে নাম রয়েছে তার ছেলে গোলাম রাব্বীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল হাশেম ঢাকা থেকে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দি বেড়াতে আসেন। ওই সময় পীরের বাজার থেকে বাদী মঙ্গল মিয়ার নৌকা ভাড়া করে পর্যটনকেন্দ্রে যান তিনি। ঘোরাঘুরি শেষে ফেরার পথে নামাজ পড়ার কথা বলে তিনি মঙ্গল মিয়ার বাড়িতে যান। এই সুযোগে মঙ্গল মিয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এর ঠিক এক সপ্তাহ পর তিনি পুনরায় মঙ্গল মিয়ার বাড়িতে আসেন।

পরিচয় গভীর হওয়ার পর আবুল হাশেম নিজেকে একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে মঙ্গল মিয়া ও তার পরিবারের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে তিনি ব্যবসার জন্য ১০৬ কোটি টাকার ব্যাংক লোন পাইয়ে দেওয়ার বড় ধরনের আশ্বাস দেন।

পরবর্তীতে কৌশল পরিবর্তন করে তিনি মঙ্গল মিয়ার ছেলেকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখান। এসব কাজের কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে মোট আট লাখ টাকা দাবি করেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব খুলে তাতে স্বাক্ষরিত ফাঁকা চেকের পাতা জমা দেওয়ার শর্ত দেন।

তার কথামতো ভুক্তভোগী মঙ্গল মিয়া একটি ব্যাংকের সিলেটের জিন্দাবাজার শাখায় নিজের ও ছেলের নামে দুটি এবং তার স্ত্রীর নামে জনতা ব্যাংকে আরেকটি ব্যাংক হিসাব খুলে তিনটি স্বাক্ষরিত চেকের পাতা আসামির হাতে তুলে দেন। পরবর্তীতে কোনো কাজ না করে উল্টো টাকা ও চেক আত্মসাৎ করে প্রতারণা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, পরে ওই ব্যাংক চেক ব্যবহার করে ঢাকার সিএমএম আদালতে মঙ্গল মিয়া ও তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলায় নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন ভুক্তভোগী মঙ্গল মিয়া ও তার ছেলে।

মামলার শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত গোয়াইনঘাট থানার ওসিকে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুল হাসেমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক