বড়লেখায় জাল দলিলে ভূমি দখলের অভিযোগ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বড়লেখায় জাল দলিলে ভূমি দখলের অভিযোগ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ০১:৫৭:০১ পূর্বাহ্ন

বড়লেখায় জাল দলিলে ভূমি দখলের অভিযোগ



মৌলভীবাজারের বড়লেখায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একটি দরিদ্র পরিবারের কর্তার কাছ থেকে ১৯ শতাংশ ভূমি ক্রয় করে জাল দলিলে আরও ২২ শতাংশ ভূমি গত ৩ যুগ ধরে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। 

দুই বছর আগে বিষয়টি জানাজানি হলে জবরদখলকারীরা ওই ভূমি ফেরত দেবে বলেও দেয়নি। উল্টো হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগী কাওছার আহমদ সোহেল ভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে সম্প্রতি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। 

উপজেলার পশ্চিম গাংকুল গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে ভুক্তভোগী কাওছার আহমদ সোহেল জানান, তার বাবা অভাবে পড়ে ১৯৮৭ সালে বসতবাড়ি সংলগ্ন ১৯ শতাংশ ভূমি প্রবাসী জনৈক দুদু মিয়া ও উনু মিয়ার কাছে বিক্রি করেন। কম বয়সে পিতার মৃত্যুতে পৈত্রিক সম্পত্তি তিনি বুঝে নিতে পারেননি। এই সুযোগে প্রবাসী দুদু মিয়া ও তার ভাই উনু মিয়া জাল দলিলের মাধ্যমে পৈত্রিক সম্পত্তির ২২ শতাংশ ভূমি আত্মসাৎ করে বাড়িঘর নির্মাণ করেছেন। দুই বছর আগে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনে তিনি এলাকায় বিচারপ্রার্থী হন। তখন মাপজোখ করে উক্ত ২২ শতাংশ ভূমি পৃথক করা হলেও তারা দখল ছাড়েননি। 

ভুক্তভোগী কাওছার আহমদ সোহেল বলেন, আত্মীয়-স্বজনসহ সবাই জানেন আমার বাবা তাদের কাছে ১৯ শতাংশ ভূমি বিক্রয় করেছেন। কিন্তু ৪১ শতাংশ ভূমি ভোগদখল করার ব্যাপারে জানতে চাইলে তারা আমার বাবার ২২ শতাংশ ভূমি বিক্রির একটি দলিল দেখায়। ওই দলিলের নকল কপি তুলে দেখি মৌজা, দাগ, খতিয়ানে কোনো মিল নেই, দলিলটি জাল। এরপর এলাকায় বিচারপ্রার্থী হই। তারা খুবই প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার পাইনি। একপর্যায়ে তারা মাপজোখ করে আমার পৈত্রিক ভূমি আলাদা করলেও দখল দেয়নি। ১৫/২০ লাখ টাকার ভূমি তারা ৫/৬ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে ভয়ভীতি দেখাচ্ছে। নিরুপায় হয়ে সেনাবাহিনীর শরনাপন্ন হয়েছি। 

এ ব্যাপারে অভিযুক্ত দুদু মিয়ার ছেলে সুলতান আহমদ জানান, তার বাবা দুদু মিয়া গত সোমবার কাতারে চলে গেছেন। চাচা উনু মিয়া প্রায় এক বছর আগে মারা গেছেন। এ ব্যাপারে পরে তিনি বিস্তারিত জানাবেন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ: