ছবি নিজস্ব
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
এসময় সাবেক এমপি মানিকের জামিন আবেদন করলে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী ১৫ অক্টোবর জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুর রহমান মানিকের আইনজীবী আব্দুল হামিদ। তিনি বলেন, মুহিবুর রহমান মানিক ৫ বারের সংসদ সদস্য। ৪ আগস্ট ঘটনার সময় তিনি সুনামগঞ্জে ছিলেন না। তাকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো আন্দোলনে থাকা দূরের কথা, নিজে নিজে চলাফেরা করতেও অক্ষম। তিনি অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না।
তিনি আরও বলেন, ৪ আগস্টের ঘটনায় দায়ের করা মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে তাকে। এই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আনার কারণে আমরা জামিনের প্রার্থনা করেছি। তবে আজ জামিন শুনানি হয়নি। আগামী ১৫ অক্টোবর জামিন শুনানি হবে।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্য এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করেছি।
এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ মহিবুর রহমান মানিকসহ ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন। মূলত ওই মামলায় সাবেক এমপি মানিককে গ্রেপ্তার করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




