ছবি : ফাইল ফটো
শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক মন্ত্রী, আমলা, পুলিশসহ অনেকেই আটক হয়েছেন। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। বুধবার (৬ নভেম্বর) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। এখনো তাদের জনসমক্ষে দেখা যাচ্ছে না। শীর্ষ নেতারা দেশে আছেন কি না, তা নিয়ে বিভিন্ন সময় খবর প্রকাশ হলেও তাদের অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
গ্রেপ্তার হলেন যারা
গত ১৪ অক্টোবর রাতে গ্রেপ্তার হন দলের দুই প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এবং কর্নেল ফারুক খান। ওই দিন রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে এবং ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয় ফারুক খানকে।
সরকার পতনের পর শুরুর দিকেই আওয়ামী লীগের প্রভাবশালীদের মধ্যে গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এরপর গত দুই মাসে আটক হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান, সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় এবং হাজী মো. সেলিম গ্রেপ্তার হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক সংসদ সদস্য শাহে আলম, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গত দুই মাসে আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধেই হত্যাসহ বিভিন্ন মামলা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




