জার্মানিতে অবিলম্বে আস্থাভোট চান বিরোধীরা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ AM

জার্মানিতে অবিলম্বে আস্থাভোট চান বিরোধীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১২:০০:৩৩ PM

জার্মানিতে অবিলম্বে আস্থাভোট চান বিরোধীরা

ছবি : সংগৃহীত


জার্মানিতে আস্থাভোটের দাবি তুলেছে বিরোধী দলগুলো।ক্ষমতাসীন জোটে ভাঙনের পর জানুয়ারিতে আস্থাভোট নিতে চান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তবে বিরোধীরা দেরি করতে চান না। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল সিডিইউ-এর নেতা ফ্রিডরিখ মেরজের সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের বৈঠক হয়েছে। তবে সেই আলোচনা সফল হয়নি। তারপর মেরজ জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে এক ঘণ্টার বৈঠক হয়। 

ধারণা করা হচ্ছে, স্টাইনমায়ারের সঙ্গে মেরজের আলোচনার প্রধান বিষয় ছিল দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আরেক বিরোধী দল এএফডি-ও অবিলম্বে নির্বাচন চেয়েছে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।

প্রেসিডেন্ট স্টাইনমায়ার এফডিপি-র তিন মন্ত্রীকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। একদিন আগেই চ্যান্সেলর শলৎস এফডিপি নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেন। তারপর এফডিপি-র দুই মন্ত্রী পদত্যাগ করেন। পরিবহনমন্ত্রী ফলকার উইসিংকে এফডিপি-ই পূর্ণ মন্ত্রী করেছিল। তবে তিনি দল ছেড়েছেন। তাকে এখন শলৎস বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

শলৎস এখন ইউরোপীয় নেতাদের শীর্ষবৈঠকে যোগ দিতে বুদাপেস্টে রয়েছেন়। শলৎস মার্চের শেষের দিকে নির্বাচন চাইছেন। কিন্তু স্থায়ীত্বের প্রশ্ন তুলে বিরোধী নেতা মেরজ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চান। জানা গেছে, মেরজ শলৎসকে বলেছেন, এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে বৈঠক করবেন না।তবে শলৎস অবিলম্বে নির্বাচন চাইছেন না। তিনি একটু সময় নিয়ে তার দলকে সংগঠিত করে নির্বাচনে যেতে চান।

জৈন্তাবার্তা / রহমান