উদ্ধার করা হয় একটি আর-১৫ ও পালসার। ছবি: সংগ্রহীত
সিলেটে পৃথক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭। তাদের মধ্যে একজনকে সোমবার রাতে সিলেটের বিশ্বনাথ বাইপাস মুখ এলাকা থেকে ও অপরজনকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কদুপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে আলী হায়দার (২৩) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের মো. কানু মিয়ার ছেলে শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা (২৩)।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্বনাথের বাইপাস পয়েন্ট থেকে শাহ মোহাম্মদ উজ্জ্বল রানা নামের ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করেন এপিবিএন-৭ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ১৩৫ সিসির পালসার এলএস একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়, তাদের সহকারী পুলিশ সুপার আছাবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার থেকে আলী হায়দার নামেও এই মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি ইয়ামাহ আর-১৫ চোরাই মোটরসাইকেল জব্দ করে এপিবিএন-৭।
জিজ্ঞাসাবাদে আলী হায়দার দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জানা যায়। পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে এপিবিএন-৭।
এস.ডি




