ফাইল ছবি
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২৬ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ দিন ধার্য করেন।
এর আগে সকালে আদালতে হাজিরা দেন মামলার আসামী সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৭ জন। এর মধ্যে ৬ জন সময় চেয়ে দরখাস্ত দিয়েছেন। মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও অবগতিপত্র পাঠিয়েছেন। সিলেটের বিভাগীয় দ্রুত ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় তাঁর ভাতিজাসহ আরও ৪ জন নিহত হন। ঘটনার পরদিন তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোর আইনে দুটি মামলা করেন। পরে মামলা দুটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
তদন্ত শেষে ২০০৫ সালে ১৮ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে একটি চার্জশিট দেয় সিআইডি। এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী মজিদ খান। এরপর ২০০৭ সালে মামলাটি পুনরায় তদন্তের জন্য আবারও সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (জিকে গউছ), হুজি নেতা মাওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মো. ইয়াহিয়াসহ আবু বকর, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আবদুল জলিল ও মাওলানা শেখ আবদুস সালামকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




