ছবি: নিজস্ব
সরকারি ও সওজ জনপথ বিভাগের নিয়ম-নীতির তোয়াক্কা না করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দরের সামনের মহাসড়কের দুই পাশে ডাম্পিং ইয়ার্ড তৈরি করে চলছে পাথর ও কয়লা আমদানি গ্রুপের রমরমা ব্যবসা। জায়গায় জায়গায় সড়ক জনপথ বিভাগের সাইনবোর্ড সাটানো থাকলেও তামাবিল শুল্ক স্টেশন এলাকা সংলগ্ন তামাবিল মহাসড়কের সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে কয়লা ও পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছে বিগত সরকারের রাজনৈতিক দলের একটি প্রভাবশালী মহল। এতে সড়ক ও জনপথ বিভাগ( সওজ) ও বন বিভাগের কয়েক কোটি টাকার জমি বেদখল হচ্ছে।
কয়লা ও এলসির ভাঙা পাথর থেকে সৃষ্ট ধুলার রাজ্য পরিনত হয়েছে ওই এলাকা।এতে পরিবেশ হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা দের যোগসাজশে সওজ ও বন বিভাগের জমি বেদখল হচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সিলেট - তামাবিল মহাসড়কের দুই পাশে নামে বেনামে পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড তৈরি করে অনেকেই বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। তবে ব্যস্ততম সিলেট তামাবিল মহাসড়কের মাঝে এলোপাতাড়ি ভাবে পে-লোডার দিয়ে ট্রাকে পাথর লোড আনলোডের কারনে এলাকাটিতে সড়ক দূর্ঘটনা দিন দিন বাড়ছে। ভোগান্তিতে থাকেন যান চলাচলে যাত্রী ও পথচারীরা।
এ ব্যপারে স্থানীয় বাসিন্দারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারনে জাফলংয়ের সামাজিক বনাঞ্চল ধ্বংস করে ও ক্ষান্ত হয়নি,এখন সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা ও পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড। সড়কের জায়গায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণে জাফলংয়ে পরিবেশ বিনষ্ট হচ্ছে। অন্যদিকে মহাসড়কে মাল লোড আনলোডের কারনে দুর্ঘটনায় ঝুঁকির পাশাপাশি জাফলংয়ে ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। আবার অনেকের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে বসতবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের অফিস নির্মাণ করার অভিযোগ রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়,স্থানীয় ও পার্শ্ববর্তী উপজেলার অনেক প্রভাবশালীরা তামাবিল স্থলবন্দর চত্বরে পার্শ্বে সিলেট তামাবিল মহাসড়কের সওজের যায়গায় তামাবিল সুনাটিলা এলাকা থেকে তামাবিল বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কের দুপাশে সওজ ও বন বিভাগের যায়গায় কিছু স্থানে পাহাড় কেটে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক ডাম্পিং ইয়ার্ড ও অবৈধভাবে স্থাপনা। তাছাড়া সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেইনটি ভরাট করেও অনেকেই নতুনভাবে তৈরি করছেন কয়লা পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড।
তামাবিল স্থলবন্দরের উপ - পরিচালক( ট্রাফিক) শাকিলা সুলতানা পলি জানান ,তামাবিল স্থলবন্দরের সামনে সড়কের দুই পার্শ্বে বন্দরের সীমানা প্রাচীর ঘেঁষে পাথর রেখে পাথর লোড আনলোডের সময় সীমানা প্রাচীর ভেঙে যাচ্ছে।নষ্ট হচ্ছে সীমানা প্রাচীরের সৌন্দর্য। এছাড়াও বড় ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে গত ২৩ অক্টোবর তামাবিল পাথর আমদানি কারক গ্রুপের প্রধান সমন্বয়কারী বরাবর চিঠি পাঠিয়েছি।যাতে করে বন্দরের সীমানা প্রাচীর থেকে নিরাপদ দুরত্বে পাথর লোড আনলোড করে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে আবহিত করা হয়েছে।
এ ব্যপারে তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের আহবায়ক, হেনরী লামিন বলেন, তামাবিল স্থলবন্দরের মহাসড়কে সওজ এর জায়গায় অনেকই কয়লা ও ডাম্পিং ইয়ার্ড অবৈধভাবে গড়ে তুলেছেন । ব্যবসায়ী ও সমিতির পক্ষ থেকে সবসময় বাঁধা দিয়ে আসছি।এ বিষয়ে গত সপ্তাহে তামাবিল স্থলবন্দরের বোর্ড অথরিটি থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে । তামবিল পাথর আমদানি গ্রুপের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে যাতে করে মহাসড়কের পাশের যায়গায় কেউ যেন কোন মালামাল না রাখে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, তামাবিল স্থলবন্দরে মহাসড়কের পার্শ্বে কয়লা পাথর চুনাপাথর লোড আনলোড ব্যপারে ব্যবস্থা নিতে বিট অফিসার কে এক্ষুনি বলে দিচ্ছি।
জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম খুঁদে বার্তায় জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সওজের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হবে।
এ ব্যপারে সিলেটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) আমির হোসেন, বলেন, সিলেট - তামাবিল সড়ক ৬ লেন প্রকল্পের আওতায় স্থলবন্দর পর্যন্ত কাজ শুরু হবে খুব শীগ্রই। ইতিমধ্যে ঠিকাদারের সাথে চুক্তি সম্পন্ন হয়ে সাইন ও হয়ে গেছে। ঠিকাদার খুব শীগ্রই চলে আসবে এবং কাজ শুরু করে দিবে।কাজ শুর হয়ে গেলে এই যায়গাটা ব্যবহারের আর সুযোগ থাকবে না তাদের। তিনি আরো বলেন, ৬ লেনের জন্য ২০০ ফিট জায়গার প্রয়োজন হবে। তাছাড়া মাইকিং করা সহ মাঝে মাঝে প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল আহমদ জানান,অবৈধভাবে যারা বন বিভাগের জায়গা দখল করে ডাম্পিং ইয়ার্ড করেছে তাদের উপর মামলা করে উচ্ছেদ করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




