ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নভেম্বরের শুরু থেকে ধান কাটতে কৃষকদের মহাব্যাস্ত সময় পার করতে হচ্ছে।
চলতি বছর উপজেলায় তিনদফা বন্যা হলেও জুলাইয়ের শেষের দিকে অর্থাৎ আমন রোপনের মৌসুম থেকে আবহাওয়া অনুকুলের থাকায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে বলে নিশ্চিত করেছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এ বছর জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মাঝে দরবস্ত ইউনিয়নে ২ হাজার ৮ শত ৮০ হেক্টর, নিজপাট ইউনিয়নে ১ হাজার ৩৬৫ হেক্টর, জৈন্তাপুর ইউনিয়নে ২ হাজার ২৬৫ হেক্টর, ফতেহপুর ইউনিয়নে ১ হাজার ৬১৪ হেক্টর, চারিকাঠা ইউনিয়নে ১ হাজার ৪৩৮ হেক্টর ও চিকনাগোল ইউনিয়নে ১ হাজার ৬৩৮ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায় প্রতি বছর আমন মৌসুমে সর্বাধিক কৃষক এই ধান আবাদ করে থাকেন। এ বছর জৈন্তাপুর উপজেলা কৃষি অফিস থেকে ১৪০ জন কৃষককে প্রদর্শনী দেয়া হয়েছে। সেই সাথে এ বছর জৈন্তাপুর উপজেলায় মোট ১হাজার ৯০০ জন কৃষক আমন চাষ করেছেন। তার মধ্যে মৌসুমের শুরুতে উপজেলা ১৪০০ জন কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনার আওতায় সার,বীজ সহায়তা পেয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরো জানায় চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষমাত্রা ছিলো ৩২ হাজার ৬০০ মেট্রিকটন। এ বছর আমনের বাম্পার ফলনের ফলে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেয়া যাচ্ছে।
চলতি মৌসুমে উপজেলার কৃষককেরা উচ্চ ফলনশীল, হাইব্রিড ও স্হানীয় জাতের আমন ধান চাষ করেছেন। তার মধ্যে উচ্চ ফলনশীল জাতের মধ্যে অন্যতম হলো ব্রী- ধান - ৪৯,৫১,৫২,৭২,৭৫,৭৯,৮৭,৯০,৯৫,১০৩,বীনা-০৭ ও ১৭।
এ ছাড়াও হাইব্রীড প্রজাতির মধ্যে ব্রী হাইব্রিড -০৬ ও স্হানীয় প্রজাতির মধ্যে রণজিৎ, ময়নাশাইল , নাজিরাশাইল ও বিরইন। এ বছর ৯ হাজার ১৯৮ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল, ২৫ হেক্টর জমিতে হাইব্রিড ও ১ হাজার ৯৮০ হেক্টর জমিতে স্হানীয় জাতের আমন চাষ করা হয়েছে।
উপজেলার নিজপাট ইউনিয়নের আমন চাষি সুলতান মাহমুদ জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর তিনি দুই প্লটে ৩ বিঘা ও ৯ বিঘা জমিতে আমনের চাষ করেছেন। যার মধ্যে ব্রী ধান ৭৫,৫২,৯০ ও বীনা ১৭ অন্যতম। এতে তার মোট ব্যয় হয়েছে ৭০ হাজার টাকার মত। তিনি জানান মৌসুমের শেষে ১৮/২০ মন ধান পাবেন বলে আশাবাদী।
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট বা ফ্রিপ প্রকল্পের আওতায় এ বছর কৃষক পর্যায়ে আমনধান প্রদর্শনী দেয়া হয়েছে। তিনি জানান মৌসুমের শুরুতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনার আওতায় কৃষকদের সার বীজ বিতরণের পাশাপাশি মাঠ পর্যায়ে তদারকি করেছেন উপ- সহকারী কৃষি কর্মকর্তারা। তিনি জানান এখন পর্যন্ত পুরো উপজেলায় ৩০% আমন কর্তন সম্পন্ন করা হয়েছে। সেই সাথে চলতি মৌসুমে উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
জৈন্তাবার্তা / সুলতানা




