ছবি: নিজস্ব
কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনে এবার যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। ২০-৩০ টি লিস্টার মেশিন বসানো হয়েছে টিলায়। মেশিনের সাহায্যে দিনরাত অবিরাম চলছে পাথর উত্তোলন। এ কাজে ব্যবহার হচ্ছে শাবল, বেলচাসহ আরও কিছু যন্ত্র।
শাবলের আঘাতে টিলা খুঁড়ে বের করা হচ্ছে পাথর। সেই পাথর ট্রাক্টর ও ট্রলিতে করে নেয়া হচ্ছে বিভিন্ন ক্রাশার মেইলে। প্রতিদিন ১০০-১৫০ ট্রাক্টর ও ট্রলি পাথর পরিবহন করছে। প্রতিটি গাড়ি প্রতিদিন দুই-তিনটি করে ট্রিপ দিচ্ছে। এভাবে টিলা কেটে শুধু পাথর নিয়েই ক্ষান্ত হচ্ছে না লুটপাটকারীরা। সেখান থেকে ট্রাকে করে নেয়া হচ্ছে মাটিও। এতে ঘটেছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। অস্তিত্ব সংকটে থাকা টিলার মাজার বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে সেখানকার কবর ও খেলার মাঠের অধিকাংশ বিলীন হয়ে গেছে। পাথরখেকোদের আগ্রাসে বিলীন ও বন্ধ হয়ে গেছে মাজারে যাতায়াতের রাস্তা। এলাকাবাসীর অভিযোগ- শাহ আরেফিনে ধ্বংসযজ্ঞের এই খবর জেনেও নীরব প্রশাসন।
সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জায়গায় শাহ আরেফিন টিলা। কথিত আছে, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ আরেফিন (রহ.) খাসিয়া পাহাড় এলাকা পরিভ্রমণকালে পাহাড়-টিলার চ‚ড়ায় বিশ্রাম নিতেন। শাহ আরেফিনের একটি ‘আসন’ (বিশ্রামের স্থান) হিসেবে পরিচিতি থেকে ওই টিলার নামকরণ হয়েছে শাহ আরেফিন টিলা। লালচে, বাদামি ও আঠালো মাটির এ টিলার নিচে রয়েছে বড় বড় পাথরখÐ। এসব পাথর উত্তোলন করতেই চলে টিলা কাটা। বিশাল জায়গাজুড়ে থাকা এই টিলা এখন কাটতে কাটতে অস্তিত্বহীন। টিলায় ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক গর্ত রয়েছে। প্রতিটি গর্তের গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট। এসব গভীর গর্ত থেকেও তোলা হয় পাথর। ফলে যে কোনো মূহুর্তে গর্তের পাড় ধসে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
যাদের নামে অভিযোগ : স্থানীয় জালিয়ারপাড়ের বাসিন্দা ও মাজারের সাবেক খাদিমের ছেলে মনির মিয়া, জালিয়ারপাড়ের আফছর উদ্দিন, একই গ্রামের ইব্রাহিম মিয়া, রফিক মিয়া, গৌছ মিয়া, চিকাডহর গ্রামের শাহীন মিয়া, আব্দুর রশিদ, আদই মিয়া, আইয়ুব আলী ও আব্দুল কুদ্দুছ, বাহাদুরপুরের ওমর গাজী, শাহা মিয়া, রমজান আলী, বাবুলনগরের সোনা মিয়া সোহান, জালিয়ারপাড়ের ছামাদ, বদরুল, সাদ্দাম, বাবুল মিয়া, কেল্টি দুলাল, আলী হোসেন, মেহেদি, আব্দুর রহিমসহ কয়েকজন। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এখন টিলা কেটে পাথর লুট হচ্ছে। প্রতিদিন ১০০-১৫০ ট্রাক্টর ও ট্রলি পাথর সেখান থেকে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জালিয়ারপাড়ের মনির মিয়া নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, তিন-চারটি মেশিন চলছে। মানুষ বাঁচার জন্য এসব করছে।
শাহ আরেফিন টিলা থেকে পাথর লুট বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, শাহ আরেফিন টিলায় একাধিক অভিযান হয়েছে। প্রশাসন প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, থানায় পুলিশের জনবল কম হওয়ায় ঠিকমতো অভিযান পরিচালনা করা যাচ্ছে না।
জৈন্তাবার্তা / সুলতানা




