ছাতকে বাড়ির আঙিনায় আদা চাষ করে সাফল্য সাংবাদিক সাকিরের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ছাতকে বাড়ির আঙিনায় আদা চাষ করে সাফল্য সাংবাদিক সাকিরের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০২:২২:০৬ পূর্বাহ্ন

ছাতকে বাড়ির আঙিনায় আদা চাষ করে সাফল্য সাংবাদিক সাকিরের

ছবি নিজস্ব


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার আমিন বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন সাংবাদিক সাকির আমিন। ভোরে ঘুম থেকে ওঠার পর সকাল ১০টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে নিজ ইচ্ছা থেকেই গত বছর ৫০টি বস্তায় আদা চাষ করেন তিনি। এরপর আগ্রহ বেড়ে যাওয়ায় এ বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০টি বস্তায় বাড়ির আঙিনায় আদা চাষ শুরু করেন সাংবাদিক সাকির।

সাকির আমিন জানান, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন তিনি। জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস অপেক্ষা করলেই প্রতি বস্তায় ৩-৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। অতিবৃষ্টি, খরাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়।

জানা গেছে, কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙিনা অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার, ছাই, বালি, গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাকনাশক পানিতে শোধন করে নিলে ভালো হয়। মাটিভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙিনা, আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০-৪০ টাকার মতো খরচ হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ বছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। দুটি প্রকল্পে ৩ হাজার হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বস্তা পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ থাকায় ৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। হাওরাঞ্চলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, দেশে বেকারত্ব ও মাদকাসক্তি থেকে তারুণ্যকে বাঁচাতে হলে পান সিগারেটের বদলে আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়া বাড়ির আঙিনায় কম খরচ ও স্বল্প পরিশ্রমে বস্তায় আদা চাষ করে বেকারত্ব দূর করে সাবলম্বী হওয়া যায়।

বাড়ির আঙিনায় আদা চাষি ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে কৃষিকাজের বিকল্প নেই। কম সময়ে স্বল্প পুঁজি আর সামান্য পরিশ্রমে সফলতা অর্জন করতে হলে বস্তায় আদা চাষই উত্তম কাজ। আগামীতে বাণিজ্যিকভাবে আদা চাষের পরিকল্পনা রয়েছে। এলাকার অনেকেই বস্তা পদ্ধতিতে আদা চাষে উৎসাহিত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: