ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার কাপড় ব্যবসায়ী সাহেদ আহমেদ (২৩) গত তিনদিন যাবৎ নিখোঁজ রয়েছেন। এতে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটছে তার পরিবারের। ছয় মাস বয়সী এক পুত্র সন্তানের জনক সাহেদ গোয়াইনঘান উপজেলার জাফলং এলাকায় ভ্রাম্যমান কাপড়ের ব্যবসা চালুর প্রস্তুতি নিচ্ছিলেন। তার পিতা মৃত ফাইজ উদ্দিন মিয়া।
সাহেদের বড়ভাই ফরহাদ হোসেন জানান, দুই সপ্তাহ পূর্বে সাহেদ ঢাকার গাজিপুর থেকে চাকরি ছেড়ে ব্যবসা করার উদ্দেশ্যে সিলেটে আসে। গাজীপুরে সে একটা সোয়েটার ফ্যক্টরিতে কাজ করতো। গত ১৫ নভেম্বর (শুক্রবার) তার নতুন দোকানের প্রস্তুতি শেষে সন্ধ্যায় সংগ্রাম বিওপি এলাকায় জনৈক বশির মিয়ার মোবাইলের দোকানে মোবাইল চার্জ দেয় সে। এ সময় তার পার্শ্ববর্তী গ্রামের ব্যবসায়ী হাসানুর রহমান তাকে বাড়ি যাওয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে, মোবাইল চার্জ শেষে সে বাড়ি আসবে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ফরহাদ আরো জানান, নিখোঁজ সাহেদের সাথে পরিবার বা অন্য কারো কোনো মনোমালিন্য বা শত্রুতা ছিল না। ব্যবসা শুরুর আগে গত সপ্তাহে স্থানীয় এনজিও থেকে ১ লাখ টাকা লোন তুলেছিলেন সাহেদ। শুক্রবার বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি।
ফরহাদ আরো জানান, ইতিমধ্যে সকল আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন করে খোঁজ-খবর নেয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
গত রবিবার ফরহাদ তার ভাইয়ের সন্ধান চেয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কেউ সাহেদের সন্ধান পেলে ০১৭০৫১১৯২৯৯ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




