পরিচর্যার অভাবে বেহাল শাবিপ্রবির খেলার মাঠ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

খেলাধুলার সুযোগ না থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পরিচর্যার অভাবে বেহাল শাবিপ্রবির খেলার মাঠ

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৬:১৪:২৩ পূর্বাহ্ন

পরিচর্যার অভাবে বেহাল শাবিপ্রবির খেলার মাঠ

উচু উচু ঘাস ও কাদা-পানির কারণে পরিত্যক্ত প্রায় শাবির খেলার মাঠ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ পরিচর্যার অভাবে বছরের বেশিরভাগ সময়ই থাকে ব্যবহারের অনুপযোগী। ফলে মাঠে খেলাধুলা করতে পারেন না শিক্ষার্থীরা। এনিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।  

শিক্ষার্থীরা জানান, ‘কেন্দ্রীয় খেলার মাঠ বছরের ৬ থেকে ৭ মাসই থাকে অনুপযোগী। মাঠজুড়ে জলাবদ্ধতা, কাদাপানি ও বড় বড় ঘাস থাকলেও নিয়মিত পরিচর্যা করা হয় না।  গ্যালারিতেও নেই ছায়ার ব্যবস্থা। আর শীতের মৌসুমে মাঠে থাকে ধুলাবালি। 

অন্যদিকে, হ্যান্ডবল মাঠের দুই পাশে ঘাস ও জলাবদ্ধতায় একাকার। মাঠজুড়ে মোটা বালু ও ছোট কংক্রিটের টুকরো ছড়িয়ে রয়েছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে বছরের অধিকাংশ সময় সেখানে খেলতে হয়। এতে নিয়মিতই ৪ থেকে ৫ জন শিক্ষার্থী আহত হন। 

এসব কারণে ব্যহত হচ্ছে খেলাধূলা। খেলার মাঠ সংস্কারে প্রশাসনেরও গাফিলতি রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। মাঠের সংস্কার কিংবা পরিচর্যার অভাবে শিক্ষার্থীরা খেলাধূলা বিমুখ হচ্ছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসকে পুরোপুরি মাদক, ধূমপানমুক্ত, শিক্ষার্থীদের পড়াশোনামুখী রাখতে হলে খেলাধূলার সুযোগ সুবিধা পর্যাপ্ত প্রয়োজন। সুবিধা না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও কিংবা অলসভাবে অপব্যয় করেন শিক্ষার্থীরা। এর প্রভাব শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পড়ালেখায় পড়ে বলে বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের অভিমত।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উচু উচু ঘাস জন্মেছে। বছরের বড় সময় ধরে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে থাকে।এমনকি উচু-নিচু হওয়ায় প্রায়সময় পানি জমে থাকে মাঠে। তবে প্রশাসনের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা আন্তঃবিভাগ ফুটবল কিংবা ক্রিকেট টুর্নামেন্টের সময় এর পরিচর্যা হয়। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছোট খেলার মাঠ হ্যান্ডবল গ্রাউন্ডে প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্ট চলায়  সবার খেলাধুলার তেমন সুযোগ মিলে না। তাছাড়া এ মাঠটির চারদিকেও ঘাস, লতাপাতা আর পানি জমে থাকে সারাবছরই। 

নাম প্রকাশ না করা শর্তে বিভিন্ন বিভাগের একাধিক খেলোয়াড় শিক্ষার্থী বলেন, নিয়মিত পরিচর্যা ও সংস্কারের পাশাপাশি কেন্দ্রীয় খেলার মাঠে ছায়া, পানি, ওয়াশরুম, ড্রেসিং রুমের ব্যবস্থা, প্রথম ছাত্রী হলসংলগ্ন মাঠটি খেলা উপযোগী করা, কোনো টুর্নামেন্ট চলাকালীন শিক্ষার্থীদের ক্লাস-কার্যক্রমের বিষয়টি বিবেচনায় রাখা, ভলিবলের জন্য স্থায়ী মাঠ ও হ্যান্ডবল গ্রাউন্ডে ভলিবলের টুর্নামেন্ট হলে টার্পের ব্যবস্থা করা দরকার। সর্বোপরি মাঠগুলো সংস্কার ও একটি ইনডোর মাঠের দাবি জানান তারা। 

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল সাইকোলজিস্ট ফজিলাতুন্নেছা বলেন, খেলাধূলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মেধা বিকশিত করে। এর মাধ্যমে তাদের মনোযোগ ও ধারণক্ষমতা তৈরি হয়, যা পড়াশোনা কিংবা গবেষণার জন্য আবশ্যক। হতাশা কিংবা কঠিন পরিস্থিতিতে ভেঙ্গে না পড়ার দৃঢ় মনোবল তৈরি করে। আত্মহত্যা রোধে খেলাধূলার গুরুত্বই প্রথম বলে জানান তিনি। ‘তাই মাঠ নিয়মিত পরিচর্যা ও সংস্কার প্রয়োজন।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সৌউদ বিন আম্বিয়া বলেন, ‘কেন্দ্রীয় মাঠ অক্টেবর মাস থেকে ৮ মাস খেলাধূলার উপযোগী থাকে, পরিচর্যা হয়। বৃষ্টির কারণে ৪ মাস সম্ভব হয়না। হ্যান্ডবল মাঠের পরিচর্যা সাধ্যমত করছি।’ 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘খেলার মাঠের পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব।’ 

শিক্ষার্থীদের দাবি ও মাঠ সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘পরবর্তী বাজেটে চাহিদার শীর্ষে থাকবে মাঠ সংস্কার।’ এই পরিকল্পনায় কাজ করা হচ্ছে বলে জানাান উপ-উপাচার্য।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার